নারীকে চড় মারার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেরুল ইসলাম এক নারীকে চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে ইউপি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। এ কর্মসূচিতে হামলায় চারজন আহত হয়েছে।
বাঙ্গাবাড়ী ইউপি কার্যালয়ের সামনে গতকাল সকাল ১০টার দিকে সন্তোষপুর ও বাঙ্গাবাড়ী গ্রামের লোকজন মানববন্ধন করেন। তাঁরা অভিযোগ করেন, প্রতিবেশীর সঙ্গে কলহের পরিপ্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি আবদুর রাকিবের স্ত্রী মানসুরা বেগম চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়েছিলেন। কিন্তু কোনো কথা না শুনে তিনি মানসুরাকে চড় মারেন। গতকাল তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চেয়ারম্যানের লোকজন ক্রিকেটের স্টাম্প, ব্যাট ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে বাঙ্গাবাড়ী গ্রামের মো. সাদির (৪৫) ও রবিউল ইসলাম (৩৫) এবং সন্তোষপুর গ্রামের আবদুল লতিফ (৩৯) ও ফাহমিদুল হক (২৫) আহত হন। তাঁদের গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মানসুরা বেগমের মেয়ে কলেজছাত্রী রাকিবা খাতুন বলেন, তাঁর চাচা আলমের পরিবারের সঙ্গে তাঁদের পরিবারের ঝগড়া হয়। উভয় পক্ষ ওই দিন চেয়ারম্যানের কাছে বিচারপ্রার্থী হয়। চেয়ারম্যানের কাছে তাঁর চাচি অভিযোগ করেন, তাঁর মা চেয়ারম্যানকে গালিগালি করেছেন। সত্যতা যাচাই না করেই চেয়ারম্যান তাঁর মায়ের কানে চড় মারেন। এরপর থেকে তাঁর মা কানে কম শুনছেন।
রাকিবা খাতুন আরও বলেন, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা বিচারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। ফলে থানায় মামলা করা হয়নি। কিন্তু বিচার না পেয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে চেয়ারম্যানের লোকজন হামলা চালায়।
এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা চলছিল। সভায় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরাই হামলা চালান। এতে উভয় পক্ষের সংঘর্ষ হয়। রাকিবের স্ত্রীকে মারধরের অভিযোগ ভিত্তিহীন। তিনি আগে থেকেই শ্রবণপ্রতিবন্ধী।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। শুনেছি ৭ মার্চের অনুষ্ঠানকে ঘিরে সংঘর্ষ হয়েছে।’