নারীকে দোররা মারার ঘটনায় ওসিসহ পাঁচজনকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোররা মেরে এক নারীকে নির্যাতনের ঘটনায় বাগেরহাটের একজন পুলিশ কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ পাঁচ ব্যক্তিকে তলব করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।হাইকোর্ট কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মঘিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মঞ্জুর, ইউপি সদস্য দুলাল ও শেফালী এবং চৌকিদার শ্রীবাসকে ৮ নভেম্বর সকালে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। গত ২০ অক্টোবর ‘দোররায় ক্ষতবিক্ষত নাজিরপুরের নিলুফা, মিথ্যা অপবাদে ইউপি চেয়ারম্যানের ফতোয়া’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে বুধবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম। রুলে ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাগেরহাটের পুলিশ সুপার, কচুয়া থানার ওসিসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দোররা মারার তিন দিন পর মঘিয়ার চরসোনাকুর গ্রামের বাড়ি থেকে নির্যাতিতা নিলুফা, তাঁর স্বামী ও তিন সন্তানকে তাড়িয়ে দেন সালিসকারীরা।