নারীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
মংলায় পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ঘরে আটকে রেখে টানা পাঁচ দিন তাঁর ওপর পাশবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গিয়েছে। মংলা থানা পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকায় বছর দুয়েক আগে ঘের করেন ব্যবসায়ী ফারুক সওদাগরের ছেলে মোস্তাফিজুর রহমান মনা। উপজেলার পূর্বপরিচিত ওই নারীর পরিবারের কাছ থেকে মাছ চাষের জন্য মোস্তাফিজুর ২৭ হাজার টাকা ধার নেন। পরে এ টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা শুরু করেন। গত বৃহস্পতিবার টাকা নিতে মেয়েটিকে মংলা শহরে আসতে বলেন মোস্তাফিজুর। বিকেলে মংলায় এলে মোস্তাফিজুর ওই নারীকে শহরতলির কবরস্থান এলাকায় নিজ বাড়িতে নিয়ে যান। টাকা দেওয়ার কথা বলে কালক্ষেপণ করে সন্ধ্যায় বাড়ির একটি কক্ষে মেয়েটিকে আটকে রাখা হয়। টানা পাঁচ দিন আটকে রেখে তাঁর ওপর পাশবিক নির্যাতন চালান মোস্তাফিজুর। সোমবার মোস্তাফিজুরের সঙ্গে আ. হাইসহ আরও দুই যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়। জীবনের ঝুঁকি নিয়ে সোমবার রাতে মেয়েটি ওই বাড়ির প্রাচীর টপকে বেরিয়ে পড়েন। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গিয়াস বলেন, এ ঘটনায় মোস্তাফিজুর ও হাইসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।