নারীকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারীদের উন্নয়নের বাইরে রেখে কখনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘কোনো দেশই মূল জনগোষ্ঠীর একটি অংশকে বাদ দিয়ে উন্নয়ন করতে পারে না। সমাজের সবাইকে সঙ্গে করেই আমাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের’ ছয় সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বিশ্বের ৪০টি দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এই সংগঠনটি সরকার, এনজিও এবং রাষ্ট্রের বিভিন্ন অংশকে দেশের গণতন্ত্রায়ণে নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন পর্যবেক্ষণ এবং বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি গড়ে তুলতে সহযোগিতা ও পরামর্শ প্রদান করে থাকে। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, জাতীয় সংসদে বর্তমান সংসদ সদস্যদের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত ২১ জন নারী সংসদ সদস্য রয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা, সংসদ উপনেতা ​ও হুইপ—সবাই নারী। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের প্রায় ৩০ শতাংশ আসন—যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে নারীদের জন্য আসন বরাদ্দ রয়েছে।
দেশের সর্বত্র পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, ক্রীড়া এবং সৃজনশীল ক্ষেত্রে নারীরা তাদের পুরুষ সহকর্মীর সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। এ প্রসঙ্গে সমাজের বিভিন্ন উচ্চপদে নারীদের আসীন হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীরা বর্তমানে প্রশাসন, বিচার বিভাগ এমনকি সশস্ত্রবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও নিয়োজিত রয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী নারী নাবিক নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্ডার গার্ড বাংলাদেশেও (বিজিবি) নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে করে তাঁর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের এ দেশে গণতন্ত্র পুনর্বহাল করতে ২১ বছর লেগে যায়। তিনি বলেন, পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ২১ বছরে এই দেশ বেশ কয়েকবারই সেনাশাসন, সেনা–সমর্থিত স্বৈরশাসন প্রত্যক্ষ করেছে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর অগ্রগতি ও ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে দীর্ঘ সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, তারা দীর্ঘ ২০ বছর যাবৎ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে আসছে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।