নারীকে রগ ও পুরুষকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় এক নারীকে দুই পায়ের রগ ও এক পুরুষকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন: শামসুল হকের স্ত্রী শাহানারা খাতুন (৩৫) ও আলম (৫০)। তাঁদের বাড়ি উপজেলার শিবপুর জায়গীরপাড়া গ্রামে। থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ভোরে উপজেলার খুঁটিপাড়া গ্রামের সোবহান আলী খেজুরের রস নামাতে শিবপুর মাঠে যান। সেখানে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে লোকজন ডেকে আনেন। খবর পেয়ে নিহতের ছেলে শাজাহান আলী এসে আলমের লাশ শনাক্ত করেন। আলমের লাশের অদূরে শাহানারার লাশটি পড়ে থাকতে দেখা যায়। শাহানারার স্বামী শামসুল হক জানান, তাঁর বাবার বাড়ি নাটোরের লক্ষ্মীপুর গ্রামে। শাহানারাকে বিয়ের পর তিনি শিবপুর জায়গীরপাড়া গ্রামে আট বছর ধরে বাস করছেন। তিনি রাজশাহী শহরে ভ্যান চালান। স্ত্রী উপজেলার বানেশ্বরে একটি ডালের কারখানায় কাজ করতেন। তাঁদের দুটি মেয়ে আছে। শামসুল আরও জানান, তিনি বাড়ি এসে মেয়েদের কাছে শুনতে পান, গত বুধবার বিকেলে তাঁর স্ত্রী কারখানায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেননি। আলমের ছেলে শাহজাহান আলী জানান, তাঁর বাবার বাড়ি রাজশাহীর গোদাগাড়িতে। বিয়ের পর তিনি এই গ্রামে থাকা শুরু করেন। তাঁর বাবা প্রতিদিন বিকেলে জায়গীরপাড়া মোড়ে চায়ের দোকানে টেলিভিশন দেখতে যান। অনেক রাত করে বাড়ি ফেরেন। সকালে লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি গিয়ে বাবার লাশ শনাক্ত করেন। পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন গতকাল দুপুরে জানান, তাঁরা লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। হত্যাকাণ্ড দুটির কোনো সূত্র তাঁরা খুঁজে পাননি। এ ব্যাপারে নিহত শাহানারার বাবা ভাদু বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।