নারীকে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাতে সরকার ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, নারীর ক্ষমতায়নের প্রশ্নে সরকার অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তার পরও সরকারের ভূমিকা বর্তমানে প্রশ্নবিদ্ধ। নারীকে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাতে ব্যর্থ হয়েছে সরকার। নগরের সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সভায় আলোচকেরা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসংখ্যা ১০০ তথা এক-তৃতীয়াংশে উন্নীত করার দাবি জানান। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনব্যবস্থা চালু এবং এই ব্যবস্থা পরবর্তী দুই মেয়াদের জন্য বহাল রাখারও দাবি জানান। আলোচকেরা নবম সংসদের আগামী অধিবেশনেই এ বিষয়ক বিল সংসদে উপস্থাপন করে তা পাস করানোর উদ্যোগ নেওয়া, নারী সাংসদদের সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য এলাকা, অর্থ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখাসহ বিভিন্ন সুপারিশ করেন।সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাংসদ এম এ মান্নান, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহসমন্বয়কারী নাজমা আরা বেগম, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা প্রমুখ আলোচনায় অংশ নেন। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতীয় সংসদে নারীর কার্যকর অংশীদারির দাবি দীর্ঘদিনের। সরকারের নির্বাচনী ইশতেহারেও এই দাবিটি ছিল। কিন্তু সরকার তার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান সংগঠনের আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। আলোচকেরা অন্যান্য দাবি জানানোর পাশাপাশি সম্প্রতি রামু, উখিয়া ও পটিয়াতে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সভায় সম্পত্তিতে সমান অধিকার, আদিবাসী ও প্রতিবন্ধী নারীদের নিরাপত্তা ও জাতীয় বাজেটে তাদের জন্য বরাদ্দেরও দাবি জানান। বিজ্ঞপ্তি।