নারীকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুর থানার একজন কর্মকর্তা এক নারীকে রিমান্ডে নিয়ে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় এ ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, ওই নারী ফেনসিডিলের ব্যবসা করেন। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। ওই নারীর আইনজীবী এনামুল হক বলেন, ফেনসিডিলসহ ওই নারীকে র্যাব গ্রেপ্তার করে দৌলতপুর থানায় সোপর্দ করে। মামলা হলে তাঁর নাম-ঠিকানা জানার জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। দৌলতপুর আমলি আদালতের হাকিম এক দিনের রিমান্ড মঞ্জুর করে তাঁকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। পরে রিমান্ডের নামে ওই নারীকে যৌন নির্যাতনসহ শারীরিক নির্যাতন চালান মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জয় গোপাল বিশ্বাস। ওই নারীর ভাই মাসুদ হোসেন অভিযোগ করে বলেন, ‘আমি গত শনিবার বোনের সঙ্গে দেখা করতে কুষ্টিয়া কারাগারে যাই। বোন কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁকে যৌন নির্যাতনসহ মারধর করা হয়েছে। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা মুঠোফোনে আমাকে বলেন, ৫০ হাজার টাকা দিলে রিমান্ডে নিয়ে আমার বোনকে মারধর করা হবে না। এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপারের কাছে আমি লিখিত অভিযোগ করব।’ এসআই জয় গোপাল বিশ্বাস বলেন, ওই নারীর প্রকৃত নাম-ঠিকানা জানার জন্য রিমান্ডের আবেদন করা হয়। তাঁকে শালীনতার সঙ্গে দিনের বেলায় থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত ফেনসিডিল ব্যবসায়ীদের নাম বের হয়ে যাওয়ার ভয়ে কিছু ব্যক্তি এ রকম (যৌন নির্যাতন) মিথ্যা ঘটনা রটাচ্ছে।টাকা চাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘আমি সেই কোয়ালিটির দারোগা না, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলব।’