নারীকে সম-অধিকার ও সুযোগ দিলে দেশ এগিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। ‘শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বিজ্ঞানে সমঅধিকার: প্রশস্ত করে নারীর শোভনীয় কাজের দুয়ার’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা (এনজিও) আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচিতে বক্তারা নারীকে সম-অধিকার ও সুযোগ দিলে দেশ এগিয়ে যাবে বলে মত দেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:জামালপুর: সকাল নয়টায় শহরের শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাক, উন্নয়ন সংঘ, এলজিইডির মহিলা সমিতি ও বিভিন্ন এনজিওর বিপুলসংখ্যক নারীরা শোভাযাত্রায় অংশ নেন। টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সুনামগঞ্জ: জেলা প্রশাসন, পৌরসভা, বাংলাদেশ মহিলা পরিষদ, মহিলাবিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন শহরে শোভাযাত্রা বের করে। বিকেলে পৌর চত্বরে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।নরসিংদী: ‘এসিড সহিংসতার বিরুদ্ধে পুরুষের অঙ্গীকার’ শীর্ষক সমাবেশের আয়োজন করেছে এসিড সারভাইভারস ফাউন্ডেশন, এনজিও পাপড়ি ও প্রথম আলো নরসিংদী বন্ধুসভা। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ। মৌলভীবাজার: বিকেলে মহিলা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভানেত্রী নমিতা দাশের সভাপতিত্বে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী। লক্ষ্মীপুর: সকালে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও শিশু একাডেমীর উদ্যোগ এবং জেলা প্রশাসনের সহায়তায় লক্ষ্মীপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মশালা হয়। সনাক লক্ষ্মীপুর শাখার উদ্যোগে জেলা পরিষদের সভাকক্ষে সকালে আলোচনা হয়। শেরপুর: সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান। পরে জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার আয়োজন করা হয়। নোয়াখালী: রাত ১২টা এক মিনিটে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় আমরাও পারি পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোট নোয়াখালী শাখার উদ্যোগে বিভিন্ন অবদানের জন্য জেলার চার নারীকে সম্মাননা প্রদান করা হয়। সকালে নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘নারীর ক্ষমতায়ন রুখবে বৈষম্য, রুখবে দুর্নীতি’ স্লোগান ধারণ করে দিবস পালিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইয়েস গ্রুপ দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা, সেমিনার ও বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে। শাহজালাল বিশ্ববিদ্যালয়: দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মোমবাতি প্রজ্বালন করা হয়। মোমবাতি প্রজ্বালনের পর শপথবাক্য পাঠ করানো হয়। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।