নারীকে সমান সুযোগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমাজে নারীকে সমান সুযোগ দিতে হবে। এটা তাঁদের অধিকার। স্থায়িত্বশীল উন্নয়নের জন্য ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও)’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সিডও সনদ বাস্তবায়ন পর্যালোচনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক উপপরিষদ। এতে বক্তারা সিডও সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা ২ ও ১৬.১ (গ)-এর বিষয়ে বাংলাদেশের সংরক্ষণ তুলে নেওয়ার দাবি জানান।
সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান সনদের দুটি ধারা বাংলাদেশের সংরক্ষণ করে রাখার সমালোচনা করে বলেন, রাষ্ট্রের লুকোচুরি খেলা শোভা পায় না।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংসদ বেগম ফজিলাতুন নেসা বাপ্পি, ইউএন উইমেনের এদেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার, ইউএনএফপিএর এদেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা পি মেটাভেল, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট প্রধান নেহা কাপিল, মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ প্রমুখ।