নারীকে সহযোগিতার অঙ্গীকার বন্ধুমেলায়
ভেদাভেদ ভুলে নারীদের জন্য সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত বন্ধুমেলায় দেশের ১৬টি এলাকা থেকে প্রায় ৩৫০ জন তরুণ-তরুণী অংশ নেন।
সকাল সাড়ে নয়টায় বন্ধুসভার সদস্যরা কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে জড়ো হতে শুরু করেন। সকাল ১০টায় কুষ্টিয়া বন্ধুসভার সদস্য রাকিবের নেতৃত্বে চার বন্ধু যন্ত্রে জাতীয় সংগীত পরিবেশন করেন। চারজন করে বন্ধু উত্তোলন করেন জাতীয় পতাকা ও বন্ধুসভার পতাকা।
পরে বন্ধুদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্যদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
মিলনায়তনের ভেতরে মূল মঞ্চে কুষ্টিয়া বন্ধুসভার সদস্য সৃষ্টি ও তাঁর দল দেশাত্মবোধক গানের তালে নাচ পরিবেশন করেন। এরপর অতিথি-বন্ধুদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান।
বন্ধুরা কীভাবে নিজ নিজ পরিবারের নারী সদস্যদের সহযোগিতা করেন, সে ব্যাপারে জানতে চাইলে কয়েকজন বন্ধু তাঁদের অভিজ্ঞতার গল্প বলেন। সহযোগিতার শপথও নেন অনেকে। নারীর মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের বনশ্রী মিত্র নিয়োগী।
বক্তব্য দেন মাত্রার আরিফুল ইসলাম। বন্ধুমেলায় যেসব এলাকার বন্ধুরা যোগ দেন সেগুলো হলো মেহেরপুর, ঝিনাইদহ, কালীগঞ্জ, চুয়াডাঙ্গা, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ বন্ধুসভা, মাগুরা, যশোর, রাজবাড়ী, খুলনা, কেশবপুর, লালপুর, পাবনা, ঈশ্বরদী, নাটোর, ঢাকা, ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া। বরিশাল ও পটুয়াখালী থেকেও দুজন বন্ধু অংশ নেন।
অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা দেশীয় বেশ কয়েকটি গান এবং গানের সঙ্গে নাচ পরিবেশন করেন। পরিবারের নারী সদস্যদের সহযোগিতার পাশাপাশি মাদক থেকে দূরে থাকার শপথ নেন তাঁরা। নারীদের উক্ত্যক্ত করা থেকে বিরত থাকা এবং প্রতিবাদী হওয়ার অঙ্গীকারও করেন তাঁরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এবং বিজ্ঞাপনী সংস্থা মাত্রার সহযোগিতায় কুষ্টিয়া বন্ধুসভা এই বন্ধুমেলার আয়োজন করে।