নারীকে সুযোগ দিলে দেশ এগিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। ‘শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বিজ্ঞানে সমঅধিকার: প্রশস্ত করে নারীর শোভনীয় কাজের দুয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বক্তারা নারীকে সম-অধিকার ও সুযোগ দিলে দেশ এগিয়ে যাবে বলে মতামত দেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: সকালে জেলা প্রশাসন ও স্থানীয় কয়েকটি এনজিওর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভা কার্যালয় থেকে বের হয়ে সাতক্ষীরা প্রাণনাথ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। সেখানে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জির সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় আটজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হচ্ছেন—লুৎফুন্নেছা বেগম, ফেরদৌসি আরা লুসি, দিলারা বেগম, শাহানা হামিদ, রিজিয়া সুলতানা, হাসিনা, সোহেলী পারভীন ও সোহেলি সাইদ। ফরিদপুর: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় ও ফরিদপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বর এবং বিকেলে সচেতন নাগরিক কমিটি ও মহিলা পরিষদের উদ্যোগে স্থানীয় স্বাধীনতা চত্বর থেকে তিনটি শোভাযাত্রা বের হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। পিরোজপুর: সকালে জেলা প্রশাসন ও বিভিন্ন এনজিওর উদ্যোগে শহরে শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। একই দিন পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে নিলীমা রানী হালদার, নন্দিতা রানী মিস্ত্রী, রওশন আরা বেগম, আয়শা আক্তার, সায়মা সুলতানা ও দোলা গুহকে সংবর্ধনা দেওয়া হয়। গোপালগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ও গোপালগঞ্জ পৌর মেয়র রেজাউল সিকদার প্রমুখ বক্তব্য দেন। পটুয়াখালী: এলজিইডির উদ্যোগে সকালে শোভাযাত্রা বের করা হয়। শেষে এলজিইডি চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ।