প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একজন নারীকে স্পিকার নির্বাচিত করে আমরা ইতিহাস সৃষ্টি করলাম। যে কারণে আজকের দিনটি ঐতিহাসিক।’ গতকাল মঙ্গলবার সংসদে ১৭তম অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচিত করায় সাংসদদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত, পাকিস্তানসহ আশপাশের দেশে নারী স্পিকার আছেন। আমি ভাবলাম, আমরা কেন পিছিয়ে থাকব। তা ছাড়া এখন তো নারীর ক্ষমতায়নের যুগ। সে জন্য আমরা একজন নারীকে স্পিকার হিসেবে নির্বাচিত করলাম।’জাতীয় চার নেতা হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘এই রায়ের মধ্যে আজ আমরা আরও একটি কলঙ্ক থেকে মুক্তি পেয়েছি। অচিরেই এই রায় কার্যকর হবে।’সাভারে পোশাক কারখানার দুর্ঘটনা সম্পর্কে সংসদ নেতা বলেন, ২৩ এপ্রিল ভবনে ফাটল দেখা দিলে বুয়েটের বিশেষজ্ঞ এসে পরীক্ষা না করা পর্যন্ত ভবনে কাউকে ঢোকার ব্যাপারে নিষেধ করা হয়েছিল। এ বিষয়ে শিল্প পুলিশকে নির্দেশনা দেওয়া ছিল। কিন্তু পরের দিন মালিকেরা শিল্প পুলিশের বাধা মানেননি। তাঁরা জোর করে শ্রমিকদের কারখানায় ঢুকিয়েছেন। বিদ্যুৎ চলে যাওয়ার পর তাঁরা জেনারেটর চালু করেন। এতে করে কম্পনের সৃষ্টি হলে ভবনটি ধসে পড়ে।বিদ্যমান পরিস্থিতিতে শ্রমিকদের মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করছেন। গাড়ি, কলকারখানায় ভাঙচুর চালাচ্ছেন, আগুন দিচ্ছেন। তিনি বলেন, ‘আমার তো মনে হয় না, এঁরা সবাই শ্রমিক। এঁরা সবাই শ্রমিক কি না, তা ভিডিও দেখে শনাক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।’