নারীমুক্তি ও নারীশিক্ষায় বেগম রোকেয়ার কল্পনার জগৎকে বাস্তবে রূপ দিতে হবে। এ জন্য নারীকে সমাজে নিজের অবস্থান তৈরি করতে হবে। কুসংস্কারকে পেছনে ফেলে নারীকে হতে হবে আধুনিক।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর হাটখোলায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগের প্রধান অধ্যাপক ফেরদৌস আজিম। ‘নারী ও সাহিত্য’ বিষয়ে এই সভার আয়োজন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
ফেরদৌস আজিম বলেন, একজন পুরুষ সমাজে যে ধরনের সুযোগ-সুবিধা পান, নারী তা পান না। সামাজিকভাবে লিঙ্গবৈষম্য তৈরি করা হয়।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভীন হাসান বলেন, সমাজে নারীদের সক্ষমতা অর্জনে পুরুষদের সহায়তা
দরকার। যেকোনো বিষয়ে নারীদের সাহস নিয়ে কথা বলতে হবে। সেটা পরিবার থেকেই শুরু করতে হবে।
ইউনিভার্সিটির সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মালেকা বেগম বলেন, বেগম রোকেয়ার সমাজব্যবস্থার পরিবর্তনসহ সব কাজে সহযোগিতা করেছেন তাঁর স্বামী ও ভাই। বর্তমানে পরিবার, কর্মস্থলসহ সব জায়গায় নারীদের সহযোগিতায় পুরুষদের এগিয়ে আসতে হবে।
ইউনিভার্সিটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুস সেলিম বলেন, সব প্রতিবন্ধকতা ছাপিয়ে নারীরা এগিয়ে যাচ্ছেন। নারীকে একটি নিজস্ব স্থান তৈরি করতে সচেষ্ট হতে হবে।
অনুষ্ঠানে কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান উপস্থিত ছিলেন।