লক্ষ্মীপুরের কমলনগরে নারীঘটিত অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিকে ওই কর্মকর্তার স্ত্রী গতকাল রোববার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়েছেন।
১৮ ডিসেম্বর হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের এক প্রবাসী কমলনগর থানায় মামলাটি করেন। ওই মামলায় ব্যাংক কর্মকর্তা জামিনের আবেদন করেছিলেন। লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসনেয়ারা বেগমের আমলি আদালত গত বৃহস্পতিবার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি এখন লক্ষ্মীপুর কারাগারে আছেন।
মামলার বাদী বলেন, কর্মসূত্রে তিনি সৌদি আরবে থাকতেন। ওই সময় তাঁর স্ত্রী লেনদেনের জন্য ব্যাংকে যেতেন। তখন ওই ব্যাংকের কর্মকর্তার সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে দেশে ফেরার পর বিষয়টি তিনি বুঝতে পারেন। ব্যাংক কর্মকর্তার পরিবারকেও বিষয়টি জানানো হয়।
গত ৫ নভেম্বর ব্যাংক কর্মকর্তা তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন। এ সময় তিনি বাধা দিলে ওই ব্যাংক কর্মকর্তা গরম পানি দিয়ে তাঁকে ঝলসে দিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর তিনি ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।
এদিকে ব্যাংক কর্মকর্তার স্ত্রী গতকাল রোববার উপজেলা সদরের হাজিরহাটে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ষড়যন্ত্র করে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়েছেন। ছয় শতক জমি নিয়ে নিজাম উদ্দিনের সঙ্গে তাঁর স্বামীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত ১৬ অক্টোবর নিজাম উদ্দিন তাঁর স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করারও হুমকি দেন। এ ঘটনায় তাঁর স্বামী নিজাম উদ্দিনের বিরুদ্ধে লক্ষ্মীপুরে নির্বাহী হাকিমের (কমলনগর) আদালতে মামলা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নিজের অনুসারী এক ব্যক্তিকে দিয়ে নিজাম উদ্দিন থানায় মিথ্যা মামলা করান। তিনি মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর স্বামীকে মুক্তি দেওয়ার দাবি জানান।
নিজাম উদ্দিন বলেন, মামলাটির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
মামলার তদন্ত কর্মকর্তা কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন জানান, মামলাটি তদন্তাধীন।