নারীদের অংশগ্রহণে স্বস্তির ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে প্রখর রোদ। তাই ভোটকেন্দ্রের ভেতরেই নারীরা গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছেন। গতকাল দুপুরে ফরিদপুর সদরের আকনভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি, প্রথম আলো
মাঠে প্রখর রোদ। তাই ভোটকেন্দ্রের ভেতরেই নারীরা গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছেন। গতকাল দুপুরে ফরিদপুর সদরের আকনভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি, প্রথম আলো

তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে ৮১টি উপজেলার বেশির ভাগ স্থানেই গতকাল শনিবার শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। সকাল আটটা থেকে ওই সব উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। তবে কেন্দ্রগুলোতে নারীদের অবাধ অংশগ্রহণই ভোটে স্বস্তি এনেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কিশোরগঞ্জ: সদর ও হোসেনপুর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও শহরের কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে গ্রামাঞ্চলে ভোটারদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। গ্রামে নারী ভোটারদের সরব উপস্থিতি নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। সদর উপজেলার দুই লাখ ৫৬ হাজার ৩৫২ জন ভোটারের মধ্যে ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কার্যালয় থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। হোসেনপুর উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

খুলনা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যে পাইকগাছা উপজেলার কেন্দ্রগুলোতে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন। কেন্দ্রের বাইরে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল ১০টার দিকে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ভোটার মনিরা খাতুন বলেন, ‘সংসদ নির্বাচনে ভোট দিতি পারিনি। এবার ভোট দিয়ে খুব ভালো লাগছে।’ বেলা সাড়ে ১১টার দিকে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দিতে এসে জাহাঙ্গির হোসেন বলেন, ‘সেনাবাহিনী-র‌্যাব-বিজিবি আছে। কোনো মারামারি নেই। শান্তিপূর্ণভাবে ভোট দিছি।’

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলা নির্বাচনে শহরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কিছুটা কম। সারা দিনে কোথাও ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েনি। শহরের গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভোট শেষ হওয়ার ৩০ মিনিট আগে শুধু নারী ভোটারদের ছোট লাইন ছিল। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।

গাইবান্ধা: সদর ও সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। দুপুরের পর থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যায়। কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমি নিজে ১০ থেকে ১২টি কেন্দ্র ঘুরে দেখেছি। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে দুই উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। গড়ে প্রায় ৫২ শতাংশ ভোট পড়েছে।’

সদরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়কেন্দ্রে ভোট দিতে আসা শারীরিক প্রতিবন্ধী নজরুল ইসলাম বলেন, ‘গন্ডগোলের জন্নে এমপি ভোটোত ভোট দিব্যার আসোম নাই। এবারক্যা কোনো গন্ডগোল নাই। সগলি ভোট দিব্যার আচচে, তাই মুইও আচসোম।’

নীলফামারী: সদর উপজেলার ১১৯ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। বেলা দুইটায় রামগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় বলেন, এ কেন্দ্রে তিন হাজার ৪১৯টি ভোটের মধ্যে বেলা দুইটা পর্যন্ত এক হাজার ৭০০ ভোট পড়েছে। নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

নওগাঁ: মান্দা, ধামইরহাট ও পোরশা উপজেলা পরিষদের নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তিনটি উপজেলায় গড়ে প্রায় ৭০ থেকে ৭৫ ভাগ ভোট পড়েছে। মান্দার নুরাল্লাবাদ উচ্চবিদ্যালয়কেন্দ্রের ভোটার হুমায়ন আহম্মেদ বলেন, ভোট নিয়ে কোনো হানাহানি ও সন্ত্রাস হয়নি।