নারীদের আইনের আশ্রয় নেওয়া নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী নির্যাতন রোধের আইনগুলো সম্পর্কে নারীদের সচেতন করতে হবে এবং তারা যাতে আইনের আশ্রয় নিতে পারে, তা নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ১৬ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইউএন উইমেন।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকারের অনেক আইন ও নীতি আছে। আইন প্রয়োগের পাশাপাশি এ জন্য সরকারের বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে।
ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন হান্টার বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নারীর প্রতি সহিংসতা হচ্ছে। কেন এ ধরনের সহিংসতা বা নির্যাতন হচ্ছে, তার কারণগুলো শনাক্ত করতে হবে।
অনুষ্ঠানে সরকারি, জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান ও দাতা সংস্থা, নারী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা হাতে হাত ধরে নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন। অতিথিরা একে অপরকে নারী নির্যাতনের প্রতিবাদের চিহ্ন হিসেবে কমলা রঙের স্কার্ফ পরিয়ে দেন। অনুষ্ঠানের শেষ দিকে বিভিন্ন দেশের তরুণ নৃত্যশিল্পীরা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ঝাড়ু হাতে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিন্স, ডেনমার্কের রাষ্ট্রদূত আনা ফুগল এসকোয়ার, ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আর্জেন্টিন মেটাভেল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সেনাইয়াত ব্রেহশাভিয়ার, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর উপসম্পাদক আশা মেহরিন আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।