মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রে বখাটেদের একটি চক্র দীর্ঘদিন ধরে বেড়াতে আসা নারীদের উত্ত্যক্ত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে একটি ডিজিটাল ফটোস্টুডিওতে অভিযান চালিয়ে দুই বখাটেকে আটক করে সাজা দিয়েছেন। এ ছাড়া ভিডিওতে ধারণ করা সিডিসহ বেশ কিছু ছাপানো আপত্তিকর দৃশ্যের ছবি ও কম্পিউটারের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।সাজা পাওয়া ব্যক্তিরা হলো মইনুল ইসলাম (১৮) ও ফখরুল ইসলাম (১৮)। তাদের বাড়ি স্থানীয় দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের গৌরনগর গ্রামে।উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাতে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা বেড়াতে আসেন। এ সুযোগে বখাটেরা পথপ্রদর্শক (গাইড) সেজে নারী পর্যটকদের একা পেয়ে ভালো দৃশ্য দেখানোর কথা বলে আঁকাবাঁকা পথ মাড়িয়ে পাহাড়ের ওপরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওই বখাটেরা জোর করে নারীদের ধর্ষণের চেষ্টা চালায় এবং তা গোপনে ভিডিওতে ধারণ করে। এসব দৃশ্যের স্থির ছবিও তারা তুলে রাখে। এ ছাড়া ইন্টারনেটে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দিয়ে মুঠোফোনে নারী পর্যটকদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে তারা। এ ঘটনায় পর্যটনকেন্দ্রে প্রবেশের প্রধান ফটকের সামনে স্থাপিত ‘ঝর্ণা ডিজিটাল কালার ল্যাব’ নামের একটি প্রতিষ্ঠানের লোকজন জড়িত বলে অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী এ চক্রের ফাঁদে পড়েন। সূত্র জানায়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল গতকাল বেলা দেড়টার দিকে ঝর্ণা ডিজিটাল কালার ল্যাব নামের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় নগ্ন ছবি সম্পাদনাকালে হাতেনাতে ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কর্মচারীকে আটক করা হয়। আদালত তাদের দুই বছরের সশ্রম সাজা দেন ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। পরে ব্যবসাপ্রতিষ্ঠানটির ভেতর থেকে ভিডিওতে ধারণ করা আপত্তিকর দৃশ্যের দুটি সিডি ক্যাসেটসহ বেশ কিছু ছাপানো ছবি ও কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।বড়লেখার ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান অভিযোগ ও সাজার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ‘মাধবকুণ্ডে বখাটেদের উপদ্রুব বেড়ে গেছে। ওই ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’