‘ছেলে বা মেয়ে বড় কথা নয়, আমি মানুষ। একজন মানুষ আরেকজন মানুষকে অপমান করতে পারে না। কিন্তু আমরা প্রতিনিয়ত এ সমস্যার সম্মুখীন হই। কেন এমনটি হবে? সমাজ কি আমাদের প্রাপ্য সম্মানটুকু নিশ্চিত করতে পারে না? কবে ইভ টিজিং নামক দুঃসহ জ্বালাতন থেকে রক্ষা পাবে নারীরা?’সমাজের প্রতি এই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্য রোমানা আক্তার। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের আয়োজনে ‘ইভ টিজিংকে না বলুন’ শীর্ষক শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এসেছিলেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এর আগে উত্ত্যক্ত করার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সপ্তাহব্যাপী এক গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, উত্ত্যক্ত যারা করে তারা মূলত মানসিক রোগী। তাদের চিকিৎসার জন্য দরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা। নারী-পুরুষনির্বিশেষে সবার প্রতি সম্মান দেখানোর মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশীদ, প্রক্টর সাইফুল ইসলাম খান, ঢাকা জেলা রোভার স্কাউটের আতিকুজ্জামান প্রমুখ।ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট লিডার মুমিত আল রশিদ প্রথম আলোকে বলেন, আজ থেকে এক সপ্তাহ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে নারীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলবে।