নারীদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সূত্রধরপাড়ায় সংখ্যালঘুদের মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে স্থানীয় বখাটেরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সূত্রধরপাড়ার বাসিন্দা গোবিন্দ চন্দ্র সূত্রধর জানান, তিনি তাঁর দুই বোন, ভাগনি ও ভাতিজিসহ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাশের দৌলতপুর গ্রামের একটি মন্দিরে কীর্তন শুনে বাড়ি ফিরছিলেন। পথে একই এলাকার সোনা দাসের ছেলে মানিক ও গুধু দাসের ছেলে তপন তাঁর ভাগনি ও ভাতিজিকে উত্ত্যক্ত শুরু করে এবং অশালীন আচরণ করে। গোবিন্দ এর প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীদের সঙ্গে হাতাহাতি হয়। পরে উত্ত্যক্তকারী মানিক ও বিমলের পক্ষ নিয়ে একই এলাকার মিজান মিয়ার ছেলে বিলাত, ঘুতা মিয়ার ছেলে সুজন ও ঠান্ডু মিয়ার ছেলে সজীবের নেতৃত্বে একদল যুবক সূত্রধরপাড়ায় রাত সাড়ে ১২টার দিকে হামলা চালান। তাঁরা কমপক্ষে ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন। হামলাকারীরা গোবিন্দ সূত্রধরের বোন লক্ষ্মীরানী সূত্রধর, সুনীতি সূত্রধর এবং তাঁর ছেলের বউ মনা সূত্রধরের সোনার হার, কানের দুল ছিনিয়ে নিয়ে যান।
সরেজমিনে গতকাল শুক্রবার সকালে গ্রামে গিয়ে দেখা যায়, ১০ বাড়িতে হামলার ক্ষত চিহ্ন। গোবিন্দ সূত্রধরের বাড়িসহ দুটি বাড়ির টিনের বেড়া হামলাকারীরা কেটে ফেলেছেন।
সেখানে কথা হয় কালীহাতি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রমেণ চন্দ্রের সঙ্গে। তিনি বলেন, আগামী রোববার এখানে উপজেলা পরিষদ নির্বাচন। কালীহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনার ব্যাপারে সুকুমার চন্দ্র সূত্রধর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।