নারীদের উন্নয়নে ইউএনএফপিএ ও বিডব্লিউসিসিআইয়ের চুক্তি
দেশের তিনটি জেলায় নারীর ক্ষমতায়নে তিন বছর আট মাসের একটি প্রকল্প হাতে নিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ( ইউএনএফপিএ) ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। মোট ৪২ কোটি ২৩ লাখ ১০ হাজার ৪০ টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের কিশোরী ও নারীদের ক্ষমতায়নে কাজ করা হবে। গতকাল মঙ্গলবার বিডব্লিউসিসি-আইয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর সভায় এসব তথ্য জানানো হয়। এই প্রকল্পের কাজের মাধ্যমে নারীরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার এরকেন বলেন, নারী-পুরুষের সমতার জন্য নারীর ক্ষমতায়ন খুবই জরুরি। ক্ষমতায়ন ছাড়া নারীরা নিজেদের পারিবারিক জীবনকে প্রভাবিত করার মতো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেন।
বিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ বলেন, তাঁরা সম্মিলিতভাবে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি এবং নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে কাজ করবে। সংবাদ সম্মেলনে বিডব্লিউসিসিআইয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সেলিমা আহমাদসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।