নারীদের উপস্থিতি বেশি, উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার চাদরে ঢাকা শীতের সকাল। সূর্যের দেখা নেই। আটটা বাজার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ছিল ভোটকেন্দ্রগুলো সরব। কোলের বাচ্চা নিয়ে কানাইঘাটের রায়গর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে সারিতে দাঁড়ানো গৃহবধূ পারভিন বেগম (২৬)। জানালেন, সবার আগে ভোট দিতে তিনি সকাল সকাল চলে এসেছেন। তাঁর মতো আরও অনেকে এসেছেন। সারি সারি নারী।সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা শুধু কানাইঘাট কিংবা জকিগঞ্জ নয়, সিলেট বিভাগের যেসব পৌরসভায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি, সেসব পৌরসভায় ছিল সারি সারি নারীর সরব উপস্থিতি। ‘ফুর্তির’ আমেজে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে নারীদের ভোট। সিলেটের উপনির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১৬টি পৌরসভার মধ্যে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ; মৌলভীবাজারের বড়লেখা; হবিগঞ্জের চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ—এই ছয়টি পৌরসভায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। কানাইঘাটে ১৩ হাজার ৯১২ জন ভোটারের মধ্যে নারী ভোটার সাত হাজার ২০০ জন, জকিগঞ্জে নয় হাজার ৯৫ জন ভোটারের মধ্যে নারী চার হাজার ৬৭৭ জন, বড়লেখায় ১১ হাজার ৬৪২ জন ভোটারের মধ্যে নারী পাঁচ হাজার ৯৮৫ এবং পুরুষ পাঁচ হাজার ৬৫৩। শায়েস্তাগঞ্জে ১৩ হাজার ৪৫৯ জন ভোটারের মধ্যে নারী ছয় হাজার ৭৩৫ ও পুরুষ ছয় হাজার ৭২৫ জন। নবীগঞ্জে ১৩ হাজার ১৫৭ জন ভোটারের মধ্যে নারী ছয় হাজার ৭৪৯ ও পুরুষ ছয় হাজার ৪০৮। চুনারুঘাটে ১০ হাজার ৫৫০ জন ভোটারের মধ্যে নারী পাঁচ হাজার ২৯১ ও পুরুষ পাঁচ হাজার ২৪৯। এসব কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত নারীদের ভিড় দেখা গেছে বেশি। দুপুরের পর থেকে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়ে। সেই তুলনায় পুরুষদের উপস্থিতি ছিল কম।স্থানীয় লোকজন জানান, পুরুষ ভোটারদের উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বসবাস করেন। ফলে তাঁরা ভোটকেন্দ্রে হাজির হননি। জকিগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. নূরুল হক নারীদের ব্যাপক উপস্থিতি প্রসঙ্গে জানান, ‘আমার ওয়ার্ডে এক হাজার ১৯০ জন ভোটারের মধ্যে নারী ৬১৭ জন। পুরুষ ভোটার ৫৭৩ জন। তাঁদের মধ্যে দেড় শরও বেশি রয়েছেন বিদেশে।ছয় পৌরসভায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোট বেশি এবং ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি ইতিবাচক বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সিলেট শাখার সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোটাধিকার প্রয়োগে নাগরিক অধিকার আর সামাজিক সচেতনতা থেকে এমনটি হয়েছে। ব্যাপারটি এখন প্রার্থীদের স্মরণের মধ্যে রাখলে ভবিষ্যতে নারী অধিকার নিয়ে জনপ্রতিনিধিরা আরও দায়িত্বশীল হয়ে কাজ করবেন।’