অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নারীরা ঘরের কাজ করছেন, কিন্তু এই কাজের আর্থিক মূল্যায়ন হয় না। এ কাজের মূল্যায়ন হওয়া প্রয়োজন। এই কাজের সঠিক মূল্যায়ন হলে নারীরা সমাজে অনেক গুরত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারত। তিনি নারীদের এগিয়ে যাওয়ার পথের সব প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান। গতকাল শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের ৪০তম জাতীয় অভ্যন্তরীণ বার্ষিক মূল্যায়ন ও পরিকল্পনা সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। নগরের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী নারী আন্দোলনের কর্মীদের অর্থায়ন ও অর্থনীতিতে নারীর স্বীকৃতি, নারীশ্রমিকের সম-অধিকার ও সমমজুরি নিশ্চিত করা, উত্তরাধিকারে সমতা আনা, পোশাকশিল্পে নারীশ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, মৌলবাদের মোকাবিলা ও ফতোয়ার বিরুদ্ধে যে আইন আছে, তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার মতো ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। অর্থমন্ত্রীর মতে, নারীদের এগিয়ে যাওয়ার পথে এ ধরনের কিছু প্রতিবন্ধকতার সমাধান করা সম্ভব হলে নারীদের এগিয়ে যাওয়া অনেক সহজ হবে।অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে সম্পত্তিতে উত্তরাধিকারে সমতা প্রতিষ্ঠা করা কঠিন কিছু নয়। সবাই যদি প্রতিজ্ঞা করেন যে নিজ পরিবারে উত্তরাধিকারে সমতা আনবেন, তাহলে খুব সহজে এটা করা সম্ভব।‘নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করি, সংগঠকদের পেশাদারি দক্ষতা-দায়বদ্ধতা নিশ্চিত করি’ শীর্ষক অনুষ্ঠানে পরিষদের সভাপতি আয়শা খানম সভাপতিত্ব করেন। আয়শা খানম বলেন, নারীরা কেবল মন্ত্রিসভায় নন, তৃণমূল পর্যায়েও এগিয়ে এসেছেন। এখন তাঁদের প্রয়োজন একটি শক্তিশালী প্লাটফরমের। আয়শা খানম বলেন, এই সরকারের আমলেও ৪০টির মতো ফতোয়ার ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, আইন করে কখনো নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। আইনকে কার্যকর করার জন্য সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরওয়ে দূতাবাসের রাষ্ট্রদূত ইনগেবিয়র্গ স্টফ্রিং। অনুষ্ঠানে জাতীয় পরিষদ সভা-২০১০-এর সাধারণ প্রস্তাব উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।