নারীদের ক্যানসার সচেতনতা বাড়াতে সবচেয়ে কার্যকর মাধ্যম টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার সম্পর্কে নারীদের সচেতনতা বাড়াতে সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে টেলিভিশন। এ ছাড়া উঠান বৈঠক ও মাইকের ব্যবহার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে পোস্টার, লিফলেট, রেডিও, টেলিভিশন প্রভৃতির ভূমিকা মূল্যায়নের লক্ষ্যে পরিচালিত এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। গবেষণাটি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।মূল উপস্থাপনায় প্রতিষ্ঠানটির প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুন্নেসা বলেন, দেশের তিন-চতুর্থাংশ নারীর ক্যানসার সম্পর্কে কোনো ধারণা নেই। এঁদের অনেকেই নিরক্ষর বলে পোস্টার বা লিফলেটের বার্তা ও তথ্য পড়তে পারেন না। কিন্তু টেলিভিশনের নাটক দেখে তাঁরা সবকিছুই বুঝতে পারেন।প্রথম আলো কার্যালয়ে কর্মশালা: সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চের (সিসিপিআর) উদ্যোগে গতকাল সোমবার প্রথম আলোর কার্যালয়ে স্তন ক্যানসার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, প্রত্যেক নারী প্রতি মাসে ঋতুস্রাব শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে নিজেই যদি নিজের স্তন পরীক্ষা করেন, তাহলে স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটা কমে আসবে।