নারীদের গতি রোধ করছে মৌলবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী দিবসের অনু​ষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সুলতানা কামাল
নারী দিবসের অনু​ষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সুলতানা কামাল

‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’—এই প্রতিপাদ্য নিয়ে এ বছর পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারী ও মানবাধিকার সংগঠন ছাড়াও গতকাল রোববার সারা দেশে দিবসটি পালন করেছে নানা সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন। আজ সোমবারও নানা কর্মসূচি পালিত হবে। এ ছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও রেডিও প্রচার করছে নানা অনুষ্ঠান। সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ, খবর ও ক্রোড়পত্র প্রকাশ করেছে।
স্বাধীনতার যুদ্ধসহ দেশের সব পর্যায়ে অবদান রাখছে নারীরা। কিন্তু ধর্মের নামে নারীদের গতি রোধ করছে ধর্মান্ধ জঙ্গি ও মৌলবাদীরা। তাই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তরুণদেরই ঠিক করতে হবে, দেশ কীভাবে চলবে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। সামাজিক প্রতিরোধ কমিটি এ সমাবেশের আয়োজন করে।
সুলতানা কামাল বলেন, দেশের রাজনীতিতে গণতন্ত্রের চর্চা নেই। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ছাড়া নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সমাজের উন্নয়নে পরিবর্তন আসবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতায় দেশের নারী ও শিশুরা অকালে প্রাণ হারাচ্ছে। পেট্রলবোমা থেকে রেহাই পাচ্ছেন না গর্ভবতী নারীরাও। এ ছাড়া অতঙ্কে অনেক নারী কর্মস্থলে যেতে সাহস পাচ্ছেন না। তাই এসব সহিংস রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নারীদের অধিকার আদায়ে সব সামাজিক সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে নারীদের বিয়ের বয়স ১৬ বছর করার প্রস্তাব করেছে মন্ত্রণালয়। তা বাস্তবায়িত হলে পিছিয়ে যাবে নারীরা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল প্রেসক্লাবের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি শোভাযাত্রা বের করে  l প্রথম আলো
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল প্রেসক্লাবের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি শোভাযাত্রা বের করে l প্রথম আলো

সমাবেশে অবিলম্বে রাজনৈতিক কর্মসূচির নামে নারী, শিশুসহ মানুষ হত্যা বন্ধ, বর্তমান সংকট উত্তরণে সরকার ও অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার কাঠামোয় আদিবাসী, প্রতিবন্ধী, দলিত, ট্রান্স-জেন্ডার গ্রুপসহ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ব্যবস্থা রাখা এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধকরাসহ ১৩ দফা দাবি পাঠ করেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার দিলীপ কুমার সরকার। সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তৃতা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা, কর্মজীবী নারীর নির্বাহী সদস্য উম্মে হাসান প্রমুখ।
বিপ্লবী নারী সংহতি বিয়ের বয়স কমানো নিয়ে সরকারের বর্তমান অবস্থানের সমালোচনা করেছে। শ্যামলী শীল ও সহ-সমন্বয়ক তাসলিমা আখতার এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪-এর খসড়ায় বলা হয়েছে, বিয়ে ছাড়া কেউ অন্তঃসত্ত্বা হলে মা-বাবা তাকে বিয়ে দিতে পারবেন। এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে সরকার প্রকারান্তরে ধর্ষকদের পক্ষ নিয়েছে।’
সাউথ এশিয়ান ওমেন্স ফোরাম আয়োজিত মানববন্ধনে বলা হয়েছে, বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব, আইনের জটিলতা, প্রশাসনের অসহযোগিতামূলক মনোভাব এবং প্রভাবশালী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নারীরা বিচার চেয়েও ন্যায্য বিচার পাচ্ছে না।
জাতীয় মহিলাধারা মুক্তিযুদ্ধ ও বায়ান্নর ভাষা আন্দোলনে নিবেদিতপ্রাণ নারীদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে একটি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।
বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ নারী শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠাকে নারীর মর্যাদার প্রথম ও প্রধান ধাপ বলে উল্লেখ করে। সংগঠনটির নেতারা নারী শ্রমিকের মাতৃত্বকালীন সুবিধা এবং কর্মক্ষেত্রে নারী শ্রমিকের সুরক্ষা, আবাসনের ব্যবস্থা, নারী শ্রমিকদের পদোন্নতি বৈষম্য বন্ধ ও পেনশন ভাতা দেওয়ার দাবি করেন।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ সব নির্যাতিত নারীর তালিকা তৈরি করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের পুনর্বাসনের দাবি করেন। সংযুক্ত মহিলা পরিষদ পৈতৃক সম্পত্তিতে ছেলেমেয়ের সমান অধিকার দাবি করেছে।
ট্রান্সফরমেশন অব ডেভেলপমেন্ট অ্যাক্রস দ্য সোসাইটি (টিডিএস) বলছে, বাংলাদেশের বেশ কিছু কলকারখানায় নারীর কর্মপরিবেশ নেই, কর্মজীবী মহিলা, কিশোরীরা হয়রানির শিকার হচ্ছে। একটি মানবিক সমাজ গড়ে তুলতে হলে সমাজে ও রাষ্ট্রে নারীদের শ্রমের স্বীকৃতি দিতেই হবে বলে নারী সমাবেশে নেতারা মন্তব্য করেন।
বাংলাদেশ নারী মুক্তি সংসদ নারী উন্নয়ন নীতি, ২০০১-এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে।

রাজধানীর ​ইঞ্জিনিয়ার্স ​ইনস্টিটি​উশনে সাম​া​িজক প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ​ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের শোভাযাত্রা  l ছবি: প্রথম আলো
রাজধানীর ​ইঞ্জিনিয়ার্স ​ইনস্টিটি​উশনে সাম​া​িজক প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ​ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের শোভাযাত্রা l ছবি: প্রথম আলো