নারীদের চাকরি থেকে বিরত রাখার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির (বাঁ থেকে প্রথম) সঙ্গে আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক-২০১৫’ অনুষ্ঠানে পদকপ্রাপ্তরা। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির (বাঁ থেকে প্রথম) সঙ্গে আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক-২০১৫’ অনুষ্ঠানে পদকপ্রাপ্তরা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম নারীদের সুযোগ দিয়েছে এবং কর্মক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করেছে। তাই কোনো অজুহাতে চাকরি করা থেকে দেশের নারীদের নিরস্ত করার কোনো অবকাশ নেই। 

প্রধানমন্ত্রী বলেন, শালীনতা বজায় রেখে নারীরা সব কাজ করতে পারেন। ইসলাম তাদের সেই সুযোগ দিয়েছে। ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্ম নারীদের অধিকার নিশ্চিত করেছে, হোক তা সম্পদ অথবা কর্মক্ষেত্র। তিনি বিবি খাদিজার দৃষ্টান্ত তুলে ধরে বলেন, তিনি নারীদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। পেশার ক্ষেত্রে তিনি ছিলেন একজন ব্যবসায়ী।
মহানবীর (সা.) স্ত্রী বিবি আয়েশা যুদ্ধক্ষেত্রে সব সময় মহানবীর (সা.) পাশে থাকতেন এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি আমাদের সামনে সর্বোত্তম দৃষ্টান্ত এবং আমরা এটি সর্বদা সামাজিকভাবে ধারণ করব।’
আজ বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের উদ্বোধন এবং বেগম রোকেয়া পদক-২০১৫ বিতরণকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ বছর বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী ড. তাইবুন নাহার রশিদ সম্মানজনক বেগম রোকেয়া পদক পেয়েছেন। বিবি রাসেল এবং মরহুম তাইবুন নাহারের ছেলে আলী আসগর খুরশীদ প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।

১৯৯৫ সালে বেগম রোকেয়ার নামে সরকার এই পদক চালু করে। বেগম রোকেয়া অবিভক্ত বাংলার নারী স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

পদক গ্রহণ করে বিবি রাসেল নিজের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। বাসস