নারীদের চাকরির বাইরে রাখার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম নারীদের সুযোগ দিয়েছে। কর্মক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করেছে। তাই কোনো অজুহাতে চাকরি করা থেকে দেশের নারীদের নিরস্ত করার অবকাশ নেই।
বেগম রোকেয়া দিবসের উদ্বোধন এবং বেগম রোকেয়া পদক-২০১৫ বিতরণকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বুধবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, শালীনতা বজায় রেখে নারীরা সব কাজ করতে পারে। ইসলাম তাদের সেই সুযোগ দিয়েছে। ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্ম নারীদের অধিকার নিশ্চিত করেছে, হোক তা সম্পদ অথবা কর্মক্ষেত্র। তিনি বিবি খাদিজার দৃষ্টান্ত তুলে ধরে বলেন, তিনি নারীদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন, পেশার ক্ষেত্রে তিনি ছিলেন একজন ব্যবসায়ী।
বেগম রোকেয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের নারী সমাজের জাগরণ অত্যন্ত জরুরি। আমরা আরেকটি অন্ধকার যুগে প্রবেশ করতে চাই না।’
প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়া এমন সমাজের স্বপ্ন দেখেছিলেন, যেখানে নারী মর্যাদার আসন লাভ করবে। তিনি আশা করতেন নারীরা শিক্ষিত হবে এবং বিচার বিভাগ ও প্রশাসনের সর্বোচ্চ আসনে স্থান পাবে। তাঁর স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। বাংলাদেশের নারীরা অনেক বাধা ডিঙিয়ে সমাজের সকল পর্যায়ে তাদের অবস্থান সৃষ্টির মাধ্যমে বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করেছে।
সরকার ১৯৯৫ সালে বেগম রোকেয়ার নামে এই পদক চালু করে। এ বছর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী তাইবুন নাহার রশিদ এবং বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল সম্মানজনক বেগম রোকেয়া পদক পেয়েছেন।
বিবি রাসেল এবং মরহুম তাইবুন নাহারের ছেলে আলী আসগর খুরশীদ প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নেন।
সমাজে তাইবুন নাহারের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ড. নাহার ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন চলাকালে নারী কর্মীদের প্রশিক্ষণের জন্য আত্মগোপনে যান। ১৯৭২ সালে স্বাধীনতা দিবসে তিনি বঙ্গবন্ধুকে গার্ড অব অনার প্রদান করেছিলেন।
প্রধানমন্ত্রী আর্থসামাজিক উন্নয়নে রংপুরের নিশবেতগঞ্জে শতরঞ্জি উৎপাদনকারীদের জন্য বিবি রাসেলের সহায়তার কথা তুলে ধরেন। নিশবেতগঞ্জের জনগণ ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধকালে তাদের তির-ধনুক নিয়ে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে।
মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।