নারীদের চিকিৎসায় সেবাসহযোগী রাখতে চায় বিএসএমএমইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী রোগীদের চিকিৎসার সময় কক্ষে একজন সেবাসহযোগী রাখার কথা বিবেচনা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে কর্তৃপক্ষ এ কথা জানায়।রোগীদের চিকিৎসাসেবার মানোন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, এ বিষয়ে আলোচনার জন্য এই মতবিনিময় সভায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পুরো আলোচনাটি ছিল গত শনিবার ইভ টিজিংয়ের ঘটনায় তথ্য সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের সঙ্গে বিএসএমএমইউ কর্তৃপক্ষের বচসাকে ঘিরে।ওই দিন চক্ষু বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে যৌন হয়রানির অভিযোগ উঠলে হাসপাতালের বহির্বিভাগে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনার ছবি ধারণ করতে গেলে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন এবং তাঁকে অপদস্থ করেন বলে অভিযোগ ওঠে। ওই সাংবাদিক শাহবাগ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।গতকাল মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নাক-কান-গলা বিভাগের চেয়ারম্যান আবু শফি আহাম্মদ আমিন। তিনি বলেন, সেবাপ্রার্থীদের ৫০ শতাংশ নারী। কিছু সীমাবদ্ধতার জন্য প্রত্যেক নারী রোগীর জন্য সেবাসহযোগীর ব্যবস্থা করা যায়নি। তাঁরা অচিরেই এ সমস্যা সমাধানের চেষ্টা করবেন।চক্ষু বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের তৎপরতার কারণে চিকিৎসাসেবার মান উন্নত হয়েছে। পারস্পরিক ভুল বোঝাবুঝি না থাকাই শ্রেয়। তিনি বলেন, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে অভিযুক্ত চিকিৎসকের নাম-ধাম ও ছবি প্রচার হয়েছে। এতে তিনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন।বিএসএমএমইউর প্রক্টর জাকারিয়া স্বপন বলেন, পেশাগত কারণে চিকিৎসককে রোগীকে নিবিড়ভাবে দেখতে হয়। এ ক্ষেত্রে কেউ ইভ টিজিংয়ের মতো অভিযোগের শিকার হতে পারেন, এমন আশঙ্কা থেকে চিকিৎসকেরা আগেই আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, রোগী দেখার সময় চিকিৎসকদের কিছু নৈতিকতা অনুসরণ করা বাধ্যতামূলক। ওই দিন নৈতিকতার কোনো ব্যত্যয় ঘটেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।অণুপ্রাণবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ইকবাল আর্সলান বলেন, চিকিৎসকদের সমালোচনার পাশাপাশি তাঁদের সেবার মনোভাবে উদ্বুদ্ধ করতে মাঝেমধ্যে প্রশংসাও করা উচিত। মতবিনিময় সভায় সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে আরও বেশি সহযোগিতা করার জন্য বিএসএমএমইউর প্রতি আহ্বান জানান।