নারীদের জন্য আসন ছেড়ে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের জন্য আসন ছেড়ে দিতে হবে। সমবেত বাংলাদেশকে এগিয়ে নিতে নারীর যথাযথ মূল্যায়ন করতে হবে। গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ লেখিকা সংঘের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন।
অধ্যাপক আনিসুজ্জামান আরও বলেন, এখনো অনেক পুরুষ নারীদের সমান অধিকারে একমত পোষণ করেন না, তবে বাংলাদেশের নারীরা নিজেরাই এগিয়ে যাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক পান্না কায়সার বলেন, লেখিকা সংঘের জন্ম সামাজিক দায়বদ্ধতা থেকে। নারী ও শিশুর উন্নয়নে লেখিকা সংঘের এমন নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।
অনুষ্ঠানে সাহিত্য অর্জন: বাংলাদেশের নারী-২য় খণ্ড নামে বাংলাদেশ লেখিকা সংঘের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে আজীবন সম্মাননা পদক তুলে দেওয়া হয় লেখিকা ও সমাজসেবী সেলিনা খালেদের হাতে। তিনজনকে সাহিত্যচর্চায় বিশেষ অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কবি সিরাজুল করিম, কবি নাহার আহমেদ এবং কবি ফেরদৌস আরা।
এ ছাড়া লেখিকা সংঘ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী স্কুলশিক্ষার্থীদেরও পুরস্কার দেওয়া হয়। এরা হচ্ছে শাহানা আক্তার, পাপিয়া সুলতানা ও শায়লা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখিকা সংঘের সভাপতি রওশন আরা বেগম।