নারীদের জন্য দুটি পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশে নারীদের জন্য আরও দুটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। সিলেটে কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়াতে সিলেট বিভাগীয় সেমিনারে গতকাল শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, দেশে চারটি নারী পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। নারীদের অংশগ্রহণ বাড়াতে আরও দুটি নারী পলিটেকনিক ইনস্টিটিউট সরকার চলতি মেয়াদে প্রতিষ্ঠা করবে। একটি হবে বরিশাল, অপরটি সিলেটে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরী, যুগ্ম সচিব চৌধুরী মুফাদ আহমদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিয়া ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি লুনি লুইস আন ডায়েল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে ৫০ ভাগ শিক্ষার্থীকে: দেশের ৫০ ভাগ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। গত শুক্রবার রাতে কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত ‘সিলেট বিভাগের দক্ষ জনশক্তির চাহিদা ও কর্মসংস্থান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মত ব্যক্ত করেন। আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাশ প্রমুখ।