নারীদের জন্য বরাদ্দ প্রতীক পরিবর্তনের দাবি

আসন্ন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর প্রার্থীদের জন্য যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, তা অবশ্যই পরিবর্তন করতে হবে। কারণ, এই প্রতীক শুধু নারী সমাজই নয়, দেশের জন্য অবমাননাকর। এই প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।
গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সংহতি আয়োজিত এক সমাবেশে ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। আসন্ন পৌরসভা নির্বাচনে নারীদের জন্য বরাদ্দ করা অবমাননাকর প্রতীক পরিবর্তনের দাবিতে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারীরা শিক্ষা, রাজনীতি, অর্থনীতি—সব ক্ষেত্রে যোগ্যতা দিয়ে এগিয়ে গেলেও তাদেরকে কেউ কেউ যে পেছনে ঠেলে দিতে চায়, সেটা এই প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রমাণিত হলো। বক্তারা অবমাননাকর প্রতীক কারা বরাদ্দ দিয়েছে, সেটা খুঁজে বের করে তাঁদের শাস্তির আওতায় আনারও দাবি জানান।
নাগরিক সংহতির সভাপতি এ এস এম আতীকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন, ভাস্কর রাশা, প্রকৌশলী সরদার আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি।