নারীদের জেগে ওঠার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাগো নারী জাগো বহ্নিশিখা, মানবমুক্তির পূর্বশর্ত নারীমুক্তি, নারীর ওপর সকল শোষণ-বৈষম্য-আধিপত্য রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে তৃতীয়বারে মতো নারীজাগরণ যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার মুক্তাঙ্গন থেকে নারীজাগরণ যাত্রা-৩-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারীজাগরণের বার্তা নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশে এই জাগরণ যাত্রা বের করে। ‘আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটি’র ব্যানারে পার্টির বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই যাত্রা শুরু হলো। সকাল ১০টার দিকে মুক্তাঙ্গনে যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানের পর সুসজ্জিত একটি ট্রাক ও দুটি মাইক্রোবাসযোগে ২৫ সদস্যের একটি দল সুনামগঞ্জের উদ্দেশে বের হয়। প্রতিবাদী গানের সহযোগী হিসেবে যাত্রার সাথী হন নারায়ণগঞ্জের একতা খেলাঘর আসর ও উদীচীর একদল তরুণ সংগঠক। পথে পথে সভা-সমাবেশ আর প্রতিবাদী গানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌঁছে প্রথম দিনের কর্মসূচি শেষ করেন তাঁরা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড শাহ আলম, মাহাবুব আলম, রুহিন হোসেন প্রিন্স, ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদের।দুপুর সোয়া ১২টায় গাড়িবহর পৌঁছায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তাদের স্লোগানে স্লোগানে স্বাগত জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রূপগঞ্জ শাখার সদস্যরা। গাড়িবহর থেকে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ গান ধরে শুভেচ্ছার জবাব দেন তাঁরা।রূপগঞ্জ গোলচত্বরে পার্টির রূপগঞ্জ শাখার সভাপতি ইলিয়াস আহমেদের সভাপতিত্বে সভা হয়। সভায় বলা হয়, নারীর দাসত্ব শুরু হয় সমাজের দাসব্যবস্থা প্রবতর্নের আগে থেকে। এ ব্যবস্থা এখনো চলমান। শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে অগ্রগতি হতে হবে দ্রুতগতিতে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, কৃষ্ণা ঘোষ, মাকসুদা, আজগর লাইলী ও কুলসুম বেগম। বক্তেব্যের ফাঁকে ফাঁকে চলে প্রতিবাদী গণসংগীত।রূপগঞ্জের সভা শেষে ঢাকা-সিলেট মহাসড়কের পথ ধরে দলটি নরসিংদীর বেলাব পৌঁছায় বেলা সাড়ে তিনটায়। দলটিকে স্বাগত জানান তিন শতাধিক নারী। পরে পার্টির বেলাব শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সভা হয়। প্রতিনিধিদলের সঙ্গে আসা কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পাশাপাশি এ এন রাশেদা মনিরা, বেগম অনু, কুলসুম বেগম ও রাবেয়া বেগম বক্তব্য দেন। বেলাবর সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, ‘নারীদের ইতিবাচক দিকে এগিয়ে নিতে এবং তাঁদের অধিকার আদায়ে আমাদের এই যাত্রা।’ সভা থেকে সুনির্দিষ্ট দাবির পাশাপাশি মূলভিত্তিসহ ’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা ও যুদ্ধাপরাধের বিচার দাবি করা হয়।ঢাকা-সিলেট মহাসড়কের পথ ধরে দলটি আশুগঞ্জ আসার আগ পর্যন্ত চলন্ত গাড়িতে গণসংগীত পরিবেশন করা হয়। বেলাব থেকে কিশোরগঞ্জের ভৈরব হয়ে আশুগঞ্জ যাওয়ার পথে কয়েক জায়গায় দলীয় কর্মীরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে নারীজাগরণ যাত্রার দলকে শুভেচ্ছ জানান।বিকেল সাড়ে চারটায় দলটি আশুগঞ্জে পৌঁছায়। আশুগঞ্জে নারীরা তাঁদের স্বাগত জানান। স্থানীয় শ্রমকল্যাণ মাঠে সন্ধ্যায় সমাবেশে সিডও সনদের পূর্ণ অনুমোদন, ১৯৯৭ সালে ঘোষিত নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন, নারীদের জন্য জাতীয় সংসদের সংরক্ষিত আসন এক-তৃতীয়াংশ করে সরাসরি নির্বাচন, হিন্দু বিবাহ আইন সংস্কার ও নিবন্ধন চালু, গৃহস্থালির কাজে নারীর শ্রমের মর্যাদাকে সামাজিক স্বীকৃতি দেওয়া, সর্বস্তরের নারীশিক্ষার প্রসার ও কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার মো. ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি সাজিদুল ইসলাম, উদীচীর জেলা সভাপতি আবদুর নূর ও মহিলা পরিষদের জেলা সভাপতি আসমা খানম।আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী জানান, এর আগে প্রথম ঢাকা-তেঁতুলিয়া এবং ঢাকা-মংলা দ্বিতীয় নারীজাগরণ যাত্রা হয়। আশুগঞ্জে রাতযাপন শেষে আজ সকালে সুনামগঞ্জের উদ্দেশে যাত্রা করা হবে। পথে সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, পরে মৌলভীবাজার, বেলা তিনটায় সিলেট ও সাড়ে চারটায় সুনামগঞ্জে সভা করা হবে। সুনামগঞ্জের সভার মধ্য দিয়ে তৃতীয় যাত্রাটি শেষ হবে।