নারীদের তেঁতুল নয়, ফুলের সঙ্গে তুলনা করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে এবং হেফাজত সম্পর্কে সরকারের মন্ত্রীরা অপপ্রচার চালাচ্ছেন। তিনি দাবি করেন, তিনি নারীদেরকে তেঁতুলের সঙ্গে ফুলের তুলনা করেছেন।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পার্বতী উচ্চবিদ্যালয়ের মাঠে হেফাজতের মহাসমাবেশে শাহ আহমদ শফী এই অভিযোগ ও দাবি করেন।

ইতিপূর্বে সব মহলে ব্যাপকভাবে সমালোচিত নারীদের বিষয়ে শাহ আহমদ শফী তাঁর বক্তৃতার বিষয়ে ব্যাখ্যা দেন।

নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করার কথাকে ‘একেবারেই মিথ্যা কথা’ দাবি করে তিনি তাঁর ওই ওয়াজের আগে-পরের কথা খুব ভালো করে শোনার আহ্বান জানান।

আহমদ শফী বলেন, ‘মহিলাদের খুব ভালো করে পর্দাপুশিতার সঙ্গে কাজ করার জন্য বলছি। আমি মহিলাদের রানির সাথে তুলনা দিয়েছি। ফুলের সাথে তুলনা করেছি। শুধু এ কথা বলেছিলাম, ফুল দেখলে সবাই নাকে লাগাতে চায়। ঘ্রাণ নিতে চায়। সে জন্য তাদের বলেছি, তোমরা উলঙ্গ অবস্থায় এদিক-সেদিক ঘুরাফিরা করবে না। এ কথা সরকারও বুঝেনি, সরকারের মন্ত্রীরাও বুঝেনি।’ তিনি বলেন, ‘আমি মেয়েদের তেঁতুলের মতো বলেছি, তেঁতুল বলিনি। তেঁতুলগাছের নিচ দিয়ে হাঁটলে, তেঁতুল খাইতে দেখলে ছোট ছোট ছেলেরা, নিজে খাইতে গেলে মুখের মধ্যে লালা আসে।’

হেফাজতের আমির বলেন, ‘একজন সাংবাদিক আমাকে তেঁতুল নিয়ে প্রশ্ন করলে তাঁকে বলেছিলাম, একটি সুন্দরী মেয়ে আপনার কাছে বসাইয়া দিমু। আপনার দিলের অবস্থা কী হয় আমাকে জানাবেন। এ কথা শুনার পর ওই সাংবাদিক কোনো কথা বলেননি, চলে গেছেন।’ তিনি বলেন, ‘যে মন্ত্রীরা আমার বিরুদ্ধে অপবাদ দিতেছে, সে মন্ত্রীরে আমার কাছে নিয়া আসেন। উনার সঙ্গে সুন্দরী মহিলা দিয়া বসাইয়া দিব। দু-চার মিনিট কথাবার্তা বলুক। তারপর মন্ত্রীরে বলব, তুমি যদি পুরুষ হইয়া থাক, তোমার দিলের অবস্থা আমাদের দেখাও। পুরুষ না হলে তোমার সঙ্গে কোনো কথা নেই।’

আহমদ শফী বলেন, ‘হেফাজতে ইসলাম বিধর্মীদের ওপর জুলুম চালাবে বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটা মিথ্যা কথা। তাদের জানমাল আমাদের জানমালের মতো হেফাজত করব। তাদের স্বাধীনতা দেব। তাদের ধর্মমতে তারা চলতে পারবে।’

হেফাজতের আমির দাবি করেন, ‘প্রধানমন্ত্রীকে বলেছিলাম, দুই বছর আগে উনার রাজভবনে যাইয়া যে দুই-একটা আলেমকে প্রত্যেক মাসে মাসে এখানে আইনা এদের থেকে পরামর্শ নিয়া আপনি দেশ চালান। কোনো আপত্তি নাই। কিন্তু এটা করেন নাই। কওমি মাদ্রাসা সম্পর্কে বারবার বলা হয়েছে উনাকে। তিনবার বৈঠক করেছি। আমাদেরকে খয়রাত দেওয়া কথা বলেছেন বারবার। উনি আমাকে কানে কানে বলেন, “আমাদের কাছ থেকে টাকা নিবেন কি?” আমি বলি, আস্তাগফেরুল্লাহ, আমরা টাকার জন্য তোমার এখানে আসিনি। একটা পয়সাও নেব না। ওই টাকায় গাড়ি খরিদ করে এদিক-সেদিক ঘোরাফেরা করব না।’ তিনি বলেন, তাদের ‘আকিদা’ ও ‘নেছাবের’ ওপর হাত দেওয়া যাবে না এবং তাঁদের শর্ত মোতাবেক সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিলে তা মানতে রাজি আছেন।

বক্তৃতা শেষে মোনাজাতে গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচির দিন শাপলা চত্বরে ও পরদিন হাটহাজারীতে হতাহতের ঘটনা উল্লেখ করে আহমদ শফী বলেন, ‘আমি আজ আপনাদের দোয়া নিতে এসেছি। আর, যে ভাইয়েরা হাটহাজারীর মধ্যে আট-দশজন শহীদ হয়েছেন, আর শাপলা চত্বরে শহীদদের জন্য দোয়া করবেন। শাপলা চত্বরে কত মানুষ মারা গেছেন জানি না। ৫৫ হাজার গুলি চালানো হয়েছে বলে তারা নিজেরাই বলেছে, এটা থেকে আপনারা জানতে পারবেন, কত লোক শহীদ হয়েছে।’

কর্মসূচি: প্রস্তাবিত ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন’ পাসের উদ্যোগ বাতিল এবং আগের ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই মহাসমাবেশ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। তা হলো: ৭ নভেম্বর সিলেটে, ৮ নভেম্বর খুলনায়, ১৫ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ এবং ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে মহাসমাবেশ কর্মসূচি।

হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী সরকারকে হুঁশিয়ার করে বলেন, ঢাকা ও চট্টগ্রামের মহাসমাবেশে বাধা দিলে লাখ লাখ লাশ পড়বে। তিনি বলেন, ‘কওমি মাদ্রাসা কারও নিয়ন্ত্রণে যাবে না। যারা নিয়ন্ত্রণ করতে চাইবে, তারাই ধ্বংস হবে।’

জুনায়েদ বাবুনগরী তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি আট হাজার টাকা করার দাবি জানান। তিনি বলেন, ‘হেফাজতের ১৩ দফায় পোশাক কারখানা বন্ধ করার জন্য বলিনি। মহিলাদের কাজ চলবে। তবে পর্দার সহিত সবকিছু করতে পারবে। পোশাক কারখানা বন্ধ করে নয়। মহিলা-পুরুষ আলাদা করতে হবে।’

হেফাজতের এই মহাসমাবেশে মাদ্রাসার বিপুলসংখ্যক ছাত্র-শিক্ষক অংশ নেন। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সালাউদ্দিন নানুপুরী। এতে আরও বক্তব্য দেন সংগঠনের নেতা শামসুল আলম, তাজুল ইসলাম, নূর হোসেন কাসেমী, আবদুল হামিদ, জাফরুল্লাহ খান, মঈনুদ্দীন রুহী, আজিজুল হক ইসলামাবাদী, মাহফুজুল হক, মীর ইদ্রিছ প্রমুখ।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।