নারীদের দরিদ্র রেখে উন্নয়ন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্ধেক নারী সমাজকে দরিদ্র রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই সরকার দারিদ্র্য বিমোচনে নারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
গতকাল রোববার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া প্রশিক্ষণকেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। জাতীয় মহিলা সংস্থার আর্থিক ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে তাঁদের প্রশিক্ষিত করছেন। আবার অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে প্রশিক্ষিত নারীদের সরকার ঋণও দিচ্ছে। কাজেই নারীরা ক্ষমতায়িত হলে পরিবার, সমাজ তথা দেশ উন্নত হবে।
ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ।