নারীদের দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে নামলেন নারীরা। ১০ কিলোমিটার দীর্ঘ এক দৌড় শেষে নারীদের দাবি, সারা বছর তাঁরা যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারেন ও দৌড়াতে পারেন।

‘নারীর জন্য নিরাপদ ঢাকা’ স্লোগানে রাজধানীর হাতিরঝিলে আজ শুক্রবার সকালে এই দৌড়ের (ম্যারাথন) আয়োজন করা হয়। এভারেস্ট একাডেমি এবং ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড যৌথ উদ্যোগে এই দৌড়ের আয়োজন করে।

কাকডাকা ভোর থেকেই হাতিরঝিলে আসতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশা-বয়সের নারীরা। নিবন্ধন করে তাঁরা দৌড়ানোর জন্য তৈরি হতে থাকেন। সাড়ে আটটার দিকে হাতিরঝিলের এফডিসি মোড়ের অংশ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ এই দৌড় শুরু হয়। প্রায় ৫০০ নারী এতে অংশ নেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি প্রতিবছর একাধিকবার এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।

দৌড়টি তেজগাঁও লিংক রোড হয়ে মহাখালী বাসস্ট্যান্ড ছুঁয়ে আবার পুলিশ প্লাজা কনকর্ড হয়ে হাতিরঝিলে পৌঁছায়। পরে হাতিরঝিলের মেরুল, রামপুরা টিভি সেন্টার, মহানগর, মধুবাগ, মগবাজার মূল সড়ক ছুঁয়ে আবার এফডিসি মোড়ে যেখানে দৌড় শুরু হয়েছিল, সেখানে গিয়ে শেষ হয়।

৯০ মিনিটের এই দৌড়ে প্রথম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় মিরোনা। তিনি সময় নিয়েছেন ৫২ মিনিট ১৮ সেকেন্ড। প্রথম আলোকে মিরোনা বলেন, ‘দৌড়ের পর যখন শেষ মুহূর্তটা আসে, তখন মনে হয় আমি শান্তি পেতে যাচ্ছি। প্রতিটি দৌড় মানেই তো কষ্টের ও খাটুনির। শেষ করার পর কোনো কষ্ট লাগে না। অনেক শান্তি লেগেছে।’

দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষক মৌসুমী আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘এবারই প্রথম এ ধরনের দৌড়ে অংশ নেওয়া। দৌড়ে এতটা ভালো করব তা তিনি আশা করেননি। মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে। তবে মেয়েদের সড়কে যথাযথ নিরাপত্তা নেই।’

৪৮ বছর বয়সী ক্রিস্টিন লকি দৌড়ে তৃতীয় হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই নাগরিক প্রথম আলোকে বলেন, ‘এই দিনটি বাংলাদেশের জন্য একটি বিরাট দিন। আমি খুবই আনন্দিত এই দৌড়ে অংশ নিতে পেরে। মেয়েরা অনেক কিছু করতে পারে না—এ ধারণাটিকে ভুল প্রমাণিত করেছে আজকের আয়োজন। আমি দৌড়াচ্ছিলাম, আর ভাবছিলাম, আমাকে শেষ করতেই হবে।’

এক ঘণ্টা ছয় মিনিটে দৌড় শেষ করে চতুর্থ হয়েছেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক করা লুবিয়ানা আহমেদ। উত্তরানিবাসী লুবিয়ানা প্রথম আলোকে বলেন, ‘সকালে জগিং করতে বের হলে অনেকে বাজে মন্তব্য করেন। তাই দৌড়ানোর উৎসাহ হারিয়ে ফেলি। পুরো দৌড়টির ট্রাকজুড়ে স্বেচ্ছাসেবক ছিল। ঢাকার রাস্তায় স্বেচ্ছাসেবক ছাড়া নিরাপদে দৌড়াতে চাই।’

দৌড় শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, মেয়েরা যেভাবে এগিয়ে আসছেন, প্রতিটি ক্ষেত্রে তা প্রশংসনীয়। কিন্তু খেলাধুলার ক্ষেত্রে এখনো মেয়েরা অনেকটা পিছিয়ে। এ আয়োজন প্রতীকী অর্থে হলেও এর অনেক তাৎপর্য রয়েছে।

ঢাকার রাস্তায় মেয়েরা কী নিরাপদ—এমন প্রশ্নে তথ্যমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘উন্নত দেশেও রাস্তাঘাটে মেয়েরা যেভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হন, তার তুলনায় ঢাকার শহর এখন অনেক নিরাপদ। হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। মেয়েদের আত্মরক্ষায় আরও সচেতন হতে হবে। এ ছাড়া ঢাকার নিরাপত্তা যে অবস্থায় আছে, তা আমরা আরও ওপরের দিকে নিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে দৌড় শেষ করা প্রথম পাঁচজনকে মেডেল, সনদ ও এক লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রথম ৫০ জনকে সনদ দেওয়া হয়। নারীদের অংশগ্রহণে এই ম্যারাথনের এটি দ্বিতীয় আসর। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ প্রতিযোগিতা হয়।