নারীদের নিরাপত্তা নেই কুলিয়ারচর উপজেলায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই ও জুয়া এবং অবাধে মাদক ব্যবসায়ী ও সেবীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বিশেষ করে স্কুলছাত্রী ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের ঘটনায় অভিভাবকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।এ ব্যাপারে বলতে গিয়ে বাজরা গ্রামের তানভীর আহম্মদ বলেন, থানার ওসির কাজ হলো, কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটলে প্রথমে অভিযুক্ত লোককে আটক করে বাদীপক্ষকে ম্যানেজ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। তাঁর সঙ্গে এলাকার একাধিক শিক্ষক ও সচেতন এলাকাবাসী একমত প্রকাশ করে বলেন, ওসিই সর্বেসর্বা। তাঁর নিষ্ক্রিয়তা এবং মীমাংসার উদ্যোগ নেওয়ার মাধ্যমে অর্থ আদায়ের কারণে দিন দিন নারী নির্যাতন বাড়ছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর উপজেলার চর কামালপুর গ্রামের গোবরিয়া আলিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী টিফিনের সময় বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে গোলাপ মিয়ার ছেলে হুমায়ুন মিয়াসহ (২৫) তাঁর তিন সহযোগী মিলে তাকে সিএনজিচালিত অটোরিকশায় অপহরণ করে নিয়ে যায়। পরে জনতা বাজিতপুর উপজেলা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।২১ সেপ্টেম্বর সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের আবদুস সাত্তারের মেয়ে পার্শ্ববর্তী কালিকাপ্রসাদ মৌলভী কেরামত আলী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে বড়বাইত মোড়ে দ্বারিয়াকান্দি গুইলবাড়ী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আলা উদ্দিন (৫০) একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এসে ফিল্মি কায়দায় তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর আলা উদ্দিন তাকে পাঁচ দিন আটক রেখে ধর্ষণ করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ লম্পট আলা উদ্দিনসহ ধর্ষিতা ছাত্রীকে থানা হাজতে দুদিন আটক রাখে এবং পরে ওসি থানায় বসে মীমাংসা করে দুজনকে ছেড়ে দেয়।৯ জুলাই সকালে উপজেলার দক্ষিণ সালুয়া গ্রাম থেকে শিউলী আক্তারকে (১০) বাড়ির কাছ থেকে দক্ষিণ সালুয়া গ্রামের ফুল মিয়া উরফে ফজলুল করিমের ছেলে নুরু মিয়া (৪০) অপহরণ করে নিয়ে যান। অপহরণের প্রায় দুই মাস পর ৮ সেপ্টেম্বর ঢাকা উত্তরার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ বস্তি থেকে শিউলী আক্তারকে লোকজন উদ্ধার করে। পরে কুলিয়ারচর থানায় মামলা না নিলে বাধ্য হয়ে তারা আদালতে মামলা করে।গত তিন মাসে এ ধরনের আরও অন্তত ১৫টি নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে কুলিয়ারচরের বিভিন্ন গ্রামে।কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর বলেন, ‘কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে নারী, শিশু নির্যাতন ও মাদকসেবীদের উৎপাত। এ ব্যাপারে একাধিকবার জেলা আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করেছি। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মুকুল বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এ বক্তব্যের সঙ্গে আমি একমত প্রকাশ করে বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হলো সরকারের বিভিন্ন স্থাপনা রক্ষাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষা করা। কিন্তু এ ক্ষেত্রে কুলিয়ারচরবাসী তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না বলে মনে করি।’কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, চুরি, ডাকাতি কম। নারী নির্যাতনের যেসব ঘটনা ঘটেছে, থানায় সেসব ঘটনায় মামলা হয়েছে। বাদী, বিবাদী কোনো কোনো ঘটনায় আপস করলে সেসব বিষয় মীমাংসায় পুলিশের যথাযথ ভূমিকা থাকে।