নারীদের নিয়ে পুলিশে নতুন ব্যাটালিয়ন
অধিনায়ক থেকে শুরু করে ৩৭১ সদস্যের সবাই নারী। এসব নারীকে নিয়েই গঠিত হয়েছে পুলিশের নতুন ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার থেকে আর্মড পুলিশের এ ব্যাটালিয়নের (এপিবিএন) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।এ উপলক্ষে উত্তরায় এপিবিএন কমপ্লেক্সে এক জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। দেশে এই প্রথম পুলিশে একটি স্বতন্ত্র নারী ইউনিট গঠন করা হলো।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, স্পর্শকাতর এলাকাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে এপিবিএন কাজ করছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আবিদা সুলতানা বক্তব্য দেন।এ ব্যাটালিয়নের কমান্ডার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একজন কর্মকর্তা। এ ছাড়া আছেন দুজন অতিরিক্ত পুলিশ সুপার, ছয়জন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, ২০ জন সহকারী পুলিশ সুপার, ২৪ জন পরিদর্শক, ৪০ জন উপপরিদর্শক (এসআই), ৫০ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ২৫ জন নায়েক, একজন চিকিৎসা কর্মকর্তা, ২০০ কনস্টেবল ও পাঁচজন কর্মচারী (সিভিল স্টাফ)।