নারীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা অভয় বৌদ্ধবিহারে তাণ্ডবের চিহ্ন এখনো রয়ে গেছে। বিহারের মূল বুদ্ধমূর্তিটি এখনো সেভাবেই বসে আছে। দুই হাতের কবজি বিচ্ছিন্ন। শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন। দুষ্কৃতকারীদের তাণ্ডবে আতঙ্কিত পুরো কোলাগাঁও এলাকার বৌদ্ধ সম্প্রদায়। সেই আতঙ্কে অনেকটা নারীশূন্য হয়ে পড়েছে লাখেরা গ্রাম।লাখেরা অভয় বৌদ্ধবিহারের ভিক্ষু ধর্মানন্দ মহাথেরো প্রথম আলোকে বলেন, ‘আমাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া আরও অনেককে যেখানে পাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে। তারা বলছে, ‘‘পুলিশ কয় দিন পাহারা দেবে। পুলিশ যাওয়ার পর তোমাদের কে বাঁচায় দেখব”।’রোববার দুপুরে পটিয়ার লাখেরা বৌদ্ধবিহার, কোলাগাঁও রত্নাঙ্কর বৌদ্ধবিহার, সনাতন ধর্মাবলম্বীদের একটি দুর্গা মন্দির ও একটি পারিবারিক মন্দিরে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ গতকাল বুধবার বিকেল পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে। এদের অধিকাংশই স্থানীয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কিছু হলে আবার হামলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।বর্তমানে লাখেরা ও কোলাগাঁও গ্রামে পাহারা দিচ্ছেন পুলিশ সদস্যরা। রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামের পুরুষেরাও। তবে আতঙ্কে লাখেরা গ্রামের তরুণী ও নারীদের আত্মীয়স্বজনের কাছে নিরাপদ স্থানে পাঠিয়ে দিচ্ছেন পরিবারের অন্য সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামে কর্মরত এক ব্যক্তি বলেন, ‘আমি আমার পরিবারকেও লাখেরা গ্রাম থেকে চট্টগ্রাম নগরে নিয়ে এসেছি। তবে রাতে বাড়িতে গিয়ে ঘর পাহারা দিচ্ছি।’বিষয়টি নিশ্চিত করে অভয় বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া বলেন, ‘লাখেরা গ্রামের ৩০টি পরিবারের উঠতি বয়সী মেয়ে ও নববধূদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে নিজ নিজ পরিবার। এখন পুলিশ থাকলেও গ্রামজুড়ে আতঙ্ক। পুলিশ চলে যাওয়ার পর কী হবে আমরা ভাবছি।’ একই রকম আতঙ্কের মধ্যে রয়েছে কোলাগাঁও দুর্গা মন্দির ও রত্নাঙ্কর বৌদ্ধবিহার এলাকার সংখ্যালঘুরাও। এদিকে হামলার ঘটনার পর থেকে শিকলবাহা পিডিবি স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। বিদ্যালয়ের প্রায় ১৫০ জন বৌদ্ধধর্মাবলম্বী শিক্ষার্থী ভয়ে স্কুলে যাচ্ছে না। একই বিদ্যালয়ের বৌদ্ধধর্মাবলম্বী এক শিক্ষিকা প্রথম আলোকে বলেন, ‘স্কুলে যাওয়া-আসার পথে আমাকে উত্ত্যক্ত করা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। তাই ভয়ে এখন অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। ১৫০ জন শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে আসছে না।’ আতঙ্কের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি-পটিয়া সার্কেল) নজরুল ইসলাম। তিনি বলেন, ‘যারা হুমকি দিচ্ছে, তাদের বিষয়ে আমাদের গোপনে তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। যত দিন পর্যন্ত ওখানে শান্তি ফিরে আসছে না, তত দিন পুলিশ থাকবে। আমরা তাদের নিরাপত্তা দেব।’