নারীদের পাশে নারী তদন্তকারী কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনে থাকা ৪৯টি থানায় নারী নির্যাতনের মামলা হওয়ার পর কোনো থানা যদি মনে করে মামলাটি জটিল, তার তদন্ত ঠিক সেভাবে করতে পারবে না, তখন তা আমাদের কাছে পাঠিয়ে দেয়। নারী তদন্তকারী কর্মকর্তার কাছে নির্যাতনের শিকার নারী খোলামেলাভাবে কথা বলতে পারেন, যা পুরুষ তদন্তকারী কর্মকর্তার কাছে হয়তো সেভাবে বলতে পারেন না। নারীরা কিছুটা হলেও দরদ দিয়ে মামলা তদন্ত করেন। এভাবেই বলছিলেন পুলিশের উপকমিশনার ফরিদা ইয়াসমিন।
দেশের একমাত্র নারী সহায়তা ও তদন্তকারী বিভাগ বা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদা ইয়াসমিন। নির্যাতনের শিকার নারীরা আইনি সহায়তা, কাউন্সেলিং, সাময়িক আশ্রয়সহ (সর্বোচ্চ পাঁচ দিন) বিভিন্ন সেবা পাচ্ছেন এই বিভাগ থেকে। তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত এই স্বতন্ত্র বিভাগটি নারী পুলিশ কর্মকর্তা এবং নারী সদস্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাক্-শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা ইশারা ভাষায় দোভাষীর মাধ্যমে বিভিন্ন সেবা পাচ্ছেন। ৮২ জন জনবল দিয়ে পরিচালিত হচ্ছে বিভাগটি।
২০১১ সালে যাত্রা শুরু করা বিভাগটি চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর আওতায় ১ হাজার ৪৬৫টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৭০টি মামলার অভিযোগপত্র দিয়েছে। মাসে গড়ে ৪০ থেকে ৪৫টি মামলার অভিযোগপত্র দিচ্ছে। যৌতুক, ধর্ষণ, অপহরণ, শ্লীলতাহানি, পাচার, দাহ্য পদার্থ নিক্ষেপসহ অন্যান্য মামলাসহ ৯৫টি মামলা তদন্তাধীন আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন এক নারী। তিনি স্বামীর অত্যাচার থেকে রেহাই পেতে শেষ পর্যন্ত নারী তদন্ত কর্মকর্তাদের শরণাপন্ন হন। এর আগে স্বামীকে তালাক দেন। সেখানে যাওয়ার পর তিনি তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। সাবেক স্বামী ৩২ দিন জেল খেটে এখন জামিনে আছেন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, নারী তদন্তকারী কর্মকর্তাসহ অন্যরা আমাকে যেভাবে সহায়তা করেছেন, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’
উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার (তদন্ত ও প্রশাসন) মুক্তা ধর জানালেন, রাজধানীতে মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণসহ একাধিক আলোচিত মামলা পরিচালনা করছেন তাঁরা। নির্যাতনের শিকার নারীরা অনেক সময় শুধু পরামর্শ পেতেও আসছেন এখানে। অনেক নারী থানায় মামলা দায়েরের পর নিজেই বলছেন, তাঁর মামলাটি যাতে নারী তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন।
তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কুইন আক্তারের হাতে আটটি মামলা আছে। কুইন আক্তার বলেন, বিভিন্ন ঘটনায় তদন্তের পাশাপাশি আদালতে সাক্ষ্যও দিতে হচ্ছে। সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় নারী তদন্তকারী কর্মকর্তা হিসেবে অনেকে মানতে চান না।
উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে কর্মরত কর্মকর্তারা ঘটনা ঘটার পর ফোনে খবর পেলে ভিকটিমকে উদ্ধার করে বিভিন্ন সহায়তা দিচ্ছেন। এ সহায়তা পেতে হেল্প লাইন ০১৭৫৫৫৫৬৬৪৫, ০১৭৩৩২১৯০০৫ অথবা মুঠোফোন ০১৭৪৫৭৭৪৪৮৭ নম্বরসহ বিভিন্ন নম্বরে ফোন করতে হবে।
জনবলস্বল্পতাসহ অন্যান্য সীমাবদ্ধতার কারণে ৪৯টি থানায় নারী নির্যাতনের সব মামলার তদন্তের ভার নিতে পারছে না এই বিভাগ। নারী ইন্সপেক্টর থাকার কথা ছয়জন, আছেন মাত্র একজন। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ১৪ জন নারী সাব-ইন্সপেক্টর দায়িত্ব পালন করছেন। সংখ্যাটি বাড়ানো প্রয়োজন। এই ১৪ জনের তদন্তকাজের জন্য আছে মাত্র একটি গাড়ি। যে এলাকার ঘটনা, ওই এলাকার থানার সহায়তা নিয়ে তদন্তকারী কর্মকর্তারা তদন্তে যাচ্ছেন। তদন্তের জন্য ঘটনাস্থলে যাওয়ার সময় আর্মড পুলিশ থাকা প্রয়োজন বলেও মনে করছেন কর্মরত কর্মকর্তারা।