নারীদের বিশেষ দায়িত্ব পালন 'ভেজাল' নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ চুমকির ফাইল ছবি
মেহের আফরোজ চুমকির ফাইল ছবি

চাকরিজীবনে প্রবেশের পর নারীদের মা হওয়া, সন্তানকে বুকের দুধ খাওয়ানো, মাসের নির্দিষ্ট দিনে মাসিক ব্যবস্থাপনাসহ অন্যান্য বিশেষ দায়িত্ব পালনের বিষয়গুলোকে ‘ভেজাল’ হিসেবে দেখলে চলবে না। কথাগুলো বলেছেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, আর অধিকার আদায়ে নারীদের শুধু চিৎকার করলে হবে না, পুরুষদেরও দায়িত্ব পালন করতে হবে।

আজ রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে কর্মক্ষেত্রে নারীদের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ থেকে উত্তরণে স্টেকহোল্ডারদের ভূমিকাবিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি শৈশব থেকেই ছেলে ও মেয়েদের কোনো রকম বৈষম্য না করে বড় করে তোলার বিষয়টিতে গুরুত্ব দেন।
জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এ পরামর্শসভায় প্রতিবন্ধী নারীসহ পুলিশ, বিচারক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নারীরা কর্মক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন, মূল প্রবন্ধে তা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা। তিনি বলেন, প্রথমত নারীদের কম নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ পেলেও পদোন্নতি বিশেষ করে নীতিনির্ধারণী পর্যায়ে পদোন্নতি হচ্ছে কম। মাঠপর্যায়ে চাকরি, বদলি, কর্মক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতার অভাব এবং পরিবারের কাছ থেকে সহায়তা না পাওয়ার মতো চ্যালেঞ্জগুলো নারীদের মোকাবিলা করতে হচ্ছে।
সভায় পুলিশ, বিচারক, প্রশাসনের উচ্চপর্যায়ে কর্মরত সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন পেশার ২৩ জন নারী কর্মক্ষেত্রে, বিশেষ করে নিজের অভিজ্ঞতায় চ্যালেঞ্জগুলো কী তা তুলে ধরেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, সব শ্রেণি-পেশার নারীদেরই কর্মক্ষেত্রে যৌন হয়রানি, টয়লেট সমস্যা, মা হওয়ার পর নানা বৈষম্যের শিকার হওয়া, নিরাপত্তার অভাব, যাতায়াতের সমস্যাসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
ইউএনডিপির হিউম্যান রাইটস প্রোগ্রামের সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতির দায়িত্ব পালন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে আছে। তিনি প্রতিটি কর্মক্ষেত্রকে নারীবান্ধব করে গড়ে তোলার বিষয়টিতে গুরুত্ব দেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম বলেন, ৩০ বছর আগে কর্মক্ষেত্রে নারীদের জন্য আলাদা টয়লেট খুঁজে পাওয়া যেত না। এখন পরিস্থিতি পাল্টেছে। নারীরা যুদ্ধজাহাজ চালাচ্ছেন, পাহাড়ের চূড়ায় উঠছেন, তাই কর্মক্ষেত্রে যেসব সমস্যা বা চ্যালেঞ্জ আছে, তা মোকাবিলা করা কঠিন কিছু হবে না। এ ছাড়া সরকারের উচ্চপর্যায়, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নারীর ক্ষমতায়নে সহযোগিতা করছেন। তাই নারীদের ভয় পাওয়ার কিছু নেই।
সভায় উইমেন জাজেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তানজিনা ইসমাইল, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, পুলিশের ডিআইজি মিলি বিশ্বাস, ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর শায়লা খান প্রমুখ আলোচনায় অংশ নেন।