রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। সব ক্ষেত্রে নারীর ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে। নারী জনপ্রতিনিধি নির্বাচিত হলেও তাঁদের দৃশ্যমান উন্নয়নকাজের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে না। নারীদের ভিন্ন চোখে দেখার মানসিকতা পরিবর্তন না হলে উন্নয়নে নারীর অংশগ্রহণ কখনোই দৃশ্যমান হবে না।
গতকাল রোববার বরিশালে অনুষ্ঠিত ‘রাজনীতি ও সুশাসনে নারী’ শীর্ষক অপরাজিতা নারী সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের আয়োজনে নগরের ‘হোটেল গ্র্যান্ড পার্ক’ হোটেলের সম্মেলন কক্ষে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অপরাজিতা নারী সম্মেলনে বক্তারা বলেন, সংরক্ষিত আসনে বিজয়ী নারী প্রতিনিধিরা নানামুখী বৈষম্যের শিকার হচ্ছেন। পরিষদের সভায় নারী জনপ্রতিনিধিদের অনেক সময় কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অপরাজিতা নারীরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারকে নারীবান্ধব বলা হলেও বাস্তবের সঙ্গে তেমন একটা মিল খুঁজে পাওয়া যায় না। রাজনৈতিক কমিটি গঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিধান থাকলেও দেশের রাজনৈতিক দলগুলো এ নিয়ম মানছে না। স্বল্পসংখ্যক নারী কমিটিতে স্থান পেলেও তাঁরা মূল পদে স্থান পান না। সভাপতি-সাধারণ সম্পাদক কিংবা যুগ্ম সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে নারীদের রাখা হয় না।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় থেকে জাতীয় পরিষদ পর্যন্ত সাধারণ আসনে নির্বাচনে নারীরা মনোনয়নবঞ্চিত হচ্ছেন। কালোটাকা ও পেশিশক্তির কাছে যোগ্য নারীরা পিছিয়ে পড়ছেন। এ ছাড়া বক্তারা মুক্তিযুদ্ধের সময় সম্ভ্রম হারানো নারীদের বীরাঙ্গনা খেতাব না দিয়ে সম্মানজনক কোনো নাম দেওয়ার দাবি জানিয়েছেন।
বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বরিশালের সাংসদ তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, শেখ মো. টিপু সুলতান, ঝালকাঠী সদর উপজেলার চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান, সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি সাবিনা লুনা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুব রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম, শিক্ষক নেতা মহসিন-উল ইসলাম, বিএনপির পক্ষে সিটি করপোরেশনের প্যানেল মেয়র তাসলিমা কালাম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফজিলাতুন্নেসা বেগম।