নারীদের মধ্যে তামাক ও মাদক সেবন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরোক্ষ বা প্রত্যক্ষভাবে দেশের নারীদের তামাক ও মাদকে জড়িয়ে যাওয়ার সংখ্যা বাড়ছে। মাদক পাচারে ব্যবহৃত হচ্ছেন নারীরা। গতকাল মাদকবিরোধী সংস্থা মানস ও আগামী প্রকাশনীর এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলা হয়।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে তামাক, মাদক ও নারী: বাংলাদেশ প্রেক্ষাপট নামে গতকাল একটি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা হয়। বইয়ের লেখক ডা. অরূপ রতন চৌধুরী দেশে মাদক নিয়ে ছাপা হওয়া বিভিন্ন পত্রিকার প্রতিবেদনসহ নানা সংস্থার তথ্য উপস্থাপন করেন। সেখানে উল্লেখ করেন, দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত ব্যক্তির ১৬ শতাংশই নারী।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে বলা হয়, কর্মস্থলে ৩০ শতাংশ ও জনসমাগমে ২১ শতাংশ নারী পরোক্ষভাবে ধূমপানের শিকার। এ ছাড়া বাংলাদেশে ২৯ শতাংশ নারী তামাক ব্যবহার করেন। ধূমপান ছাড়াও তামাক উৎপাদনে জড়িত নারীদের প্রজনন স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের এগিয়ে যাওয়া মুখ থুবড়ে পড়বে যদি যুবসমাজ ধ্বংস হয়ে যায়। একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের এলাকায় মাদক সমস্যা বন্ধ করা মুশকিল হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ছোট থেকেই নিজেকে সম্মান করা ও সংস্কৃতিচর্চা গড়ে তোলার কথা জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘আমরা সবাই “আমি”তে চলে গেছি। এখন সেই আমিটাও শেষ হয়ে যায় এ সমস্ত নেশার কারণে।’
নারীদের মাদকাসক্ত হওয়া নিয়ে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম বলেন, ‘এ বিষয়টি কষ্টদায়ক, বেদনাদায়ক। এত দিন তাহলে কী নারী আন্দোলন, গণতন্ত্রের বিকাশ ও উন্নয়ন হলো, যখন এসব হতাশামূলক জিনিস দেখি।’ তিনি আরও বলেন, নারীর স্বাস্থ্য তাঁর সন্তানের সঙ্গে জড়িত। নারী মাদকাসক্ত হলে সন্তানের ওপর তার প্রভাব পড়বে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদ, দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক গোলাম রব্বানী, আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি প্রমুখ।