
‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুরে নারীর প্রতি সহিংসতা রোধে নারীদের সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে নারীকেই সংগঠিত হতে হবে। নারীর মর্যাদা বৃদ্ধিতে পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহিলাবিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আরেকটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে টাউন হলে আলোচনা সভা হয়। সকাল সাড়ে নয়টায় রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে প্রায় এক হাজার শিক্ষানবিশ নারী পুলিশের একটি দল শোভাযাত্রা বের করে।
রাজশাহী: সকালে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা ও সমমনা সংগঠনগুলোর উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন করা হয়। বিকেল চারটায় আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নীলফামারী: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ও পৌরসভা মিলনায়তনে পৃথক আলোচনা সভা হয়।

পঞ্চগড়: সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা হয়। পৌরসভা মিলনায়তনে ‘যৌন হয়রানি ও বাল্যবিবাহ’বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। এলজিইডি গ্রামীণ সড়ক সংস্কার ও মেরামতকাজে নিয়োজিত নারীদের নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা করে।
ঠাকুরগাঁও: বেসরকারি উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তন থেকে মেয়েদের সাইকেল শোভাযাত্রা বের করা হয়। জেলা মহিলাবিষয়ক কার্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নাটোর: সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে বক্তারা ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ স্লোগানের বাস্তবায়ন করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বিভিন্ন বেসরকারি সংগঠনের বিপুলসংখ্যক নারী অংশ নেন।
জয়পুরহাট: বেলা ১১টায় জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও পৌরসভার উদ্যোগে পৃথক শোভাযাত্রা বের করা হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নওগাঁ: সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এর আগে শোভাযাত্রা বের করা হয়। সভায় বক্তারা নারীর অগ্রগতি, নির্যাতন প্রতিরোধ ও সম-অধিকার রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সিরাজগঞ্জ: সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে আলোচনা সভা হয়।
গাইবান্ধা: সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কুড়িগ্রাম: সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে স্বাধীনতার বিজয়স্তম্ভে আলোচনা সভা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: প্রথম আলো বন্ধুসভা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা দেশব্যাপী নারী নির্যাতন ও শিশুহত্যার প্রতিবাদে মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের করা হয়। এ ছাড়া আরও কয়েকটি সংগঠন কর্মসূচি পালন করে।
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরে সকালে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ হয়।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলা পরিষদের সহায়তায় নারী উন্নয়ন ফোরাম থেকে ১২ জন স্কুলগামী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। বেলা ১১টায় স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। দুপুরে আলোচনা সভা হয়।
শিবগঞ্জ (বগুড়া): উপজেলা নারী ফোরামের আয়োজনে ৬০ জন গরিব নারীকে কাপড় দেওয়া হয়। হাফিজার রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জ, নীলফামারীর সৈয়দপুর, রংপুরের বদরগঞ্জ, বগুড়ার আদমদীঘি ও কাহালু এবং নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় দিবসটি পালন করা হয়।