নারীদের সঙ্গে অভিনব কায়দায় প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে প্রতারক চক্র অভিনব কায়দায় হাতিয়ে নিচ্ছে নারী পথচারীদের টাকা ও স্বর্ণালংকার। গত ১৫ দিনের ব্যবধানে বদরগঞ্জ উপজেলার কয়েকজন নারী বিভিন্ন কাজে রংপুর শহরে গিয়ে এভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বদরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের আয়া রেবা বেগম (৪৫) জানান, ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক নিকটাত্মীয়ের পাঠানো টাকা তুলতে তিনি গত শনিবার দুপুরে রংপুরে যান। রংপুর রেলওয়ে স্টেশন চত্বরে ১৭-১৮ বছরের এক তরুণ এগিয়ে এসে ভাড়া ঠিক করে তাঁকে রিকশায় তুলে নেয়। কিছু দূর যাওয়ার পর তরুণ চালক রিকশা থামিয়ে ১০ টাকার নোটে মোড়ানো কী যেন রাস্তা থেকে তুলে নেয়। আরও কিছু দূর গিয়ে রিকশা চালু অবস্থায় চালক পেছনে ফিরে এক টুকরা কাগজ দিয়ে তাঁকে বলে, ‘খালা, টাকার ভেতর এই কাগজটা ছিল, দেখেন তো, কী ল্যাকা আছে।’রেবা বেগম বলেন, ‘কাগজের লেখা পড়তে পড়তেই কী যে হলো, বুঝতে পারলাম না। রিকশাচালক গন্তব্য স্থানে না গিয়ে রবার্টসনগঞ্জের একটি স্কুল মাঠে রিকশা থামায়। এরপর আমার হাত থেকে মোবাইল ফোনটি চেয়ে নিয়ে সিম ও মেমোরি কার্ড আমাকে ফেরত দেয়। একপর্যায়ে আমার কানের স্বর্ণের দুল সে নিজ হাতে খুলে নিয়ে নামিয়ে দিয়ে চলে যায়।’একই কায়দায় গত ১৫ দিনের ব্যবধানে বিভিন্ন কাজে রংপুর শহরে গিয়ে বদরগঞ্জের স্টেশনপাড়া গ্রামের বিউটি বেগম (৪২) ও শরিফা খাতুন (৩৪), সিও সড়কের রুবিনা বেগম (২৮), মমিনপুর এলাকার মমেজা খাতুন (৪৫) ও তওহীদা খাতুন (২৪) স্বর্ণালংকারসহ টাকা খুইয়েছেন বলে অভিযোগ করেছেন।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘এ রকম অভিযোগ আমরাও শুনেছি। কিন্তু কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।’