নারীদের সফলতা উদ্যাপনে ‘ওয়াও ভার্চ্যুয়াল বাংলাদেশ’
নারী ও কিশোরীদের অর্জন তুলে ধরে ২৯ ও ৩০ জুলাই প্রথমবারের মতো ‘ওয়াও ভার্চ্যুয়াল বাংলাদেশ’ শীর্ষক অনলাইন ফেস্টিভ্যাল আয়োজন করতে যাচ্ছে এর কৌশলগত অংশীদার ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।
দুদিনব্যাপী এ অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে দেশজুড়ে নারী ও কিশোরীদের কথাগুলো তুলে ধরা। সেখানে সমাজের প্রান্তিক পর্যায়ে বা তার বাইরে বসবাসকারী নারীদের নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সংখ্যালঘু বা মূলধারার অন্তর্গত নয়, এমন নারীদের কথাও ব্যক্ত করা হবে, যাঁরা লিঙ্গসমতা প্রতিষ্ঠায় সফলভাবে কাজ করেছেন।
ব্রিটিশ কাউন্সিলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জুড কেলি সিবিই প্রতিষ্ঠিত উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) একটি আন্তর্জাতিক উৎসব, যেখানে নারী, কিশোরী ও নন-বাইনারি ব্যক্তিদের অর্জনগুলো উদ্যাপন করা হয় এবং বিশ্বজুড়ে তাঁরা যে প্রতিবন্ধকতার মুখোমুখি হন, সেগুলোর দিকে দৃষ্টিপাত করা হয়।
ওয়াও চ্যাপ্টারস বাংলাদেশের বিভাগীয় কমিউনিটি আয়োজন, যা নারী ও কিশোরীদের সফলতা উদ্যাপনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং তাঁরা সাফল্য অর্জনে যেসব বাধার সম্মুখীন হন, তা চিহ্নিত করে। এর আগে ওয়াও চ্যাপ্টার ২০১৭ থেকে ২০১৮ সালে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটে আয়োজিত হয়েছিল। করোনার বৈশ্বিক মহামারির কারণে এ বছর ওয়াও চ্যাপ্টারস অনলাইনে ওয়াও ভার্চ্যুয়াল বাংলাদেশ নামে অনুষ্ঠিত হবে, যেখানে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটের পাশাপাশি এর পরিসর বাড়িয়ে বরিশাল ও ময়মনসিংহের মতো আরও বিভাগীয় শহরের নারীদের কথা তুলে ধরা হবে।
ওয়াও ভার্চ্যুয়াল বাংলাদেশ অনলাইন অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ২৯ ও ৩০ জুলাই রাত নয়টায় অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের ফেসবুক পেজে। এ ছাড়া অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে রেডিও স্বাধীন ৯৯.৪ এফএম ও রেডিও পদ্মা নিউজ ৯৯.২ এফএমে এবং এদের ফেসবুক পেজে।
ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জুড কেলি সিবিই বলেন, ওয়াও সব ধরনের মানুষের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখে, কমিউনিটিগুলোকে একত্র করে এবং নিজেদের কমিউনিটিতে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে।
লন্ডনের সাউথব্যাংক সেন্টারের আর্টিস্টিক পরিচালক থাকাকালে ২০১০ সালে ওয়াও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা জুড ওয়াও চালু করেছিলেন। নারীদের কাজকে তুলে ধরতে এবং নারী, কিশোরী ও নন-বাইনারি ব্যক্তিদের জন্য সমতা প্রচারে বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ওয়াও ফেস্টিভ্যাল।