নারীদের সমস্যা নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে হবে: স্পিকার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীরা নিজেদের সমস্যার কথা জানেন এবং সেই সমস্যা নিয়ে নিজেদের মধ্যেই আলোচনা করেন। নারীদের এই গণ্ডির বাইরে বের হতে হবে। সবার সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে হবে।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক, বাংলাদেশের সিএসআর সেন্টার ও স্কয়ার গ্রুপের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘের ডব্লিউইপি বা কর্মক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের জন্য জাতিসংঘের নীতিমালার আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। এখন থেকে বাংলাদেশে সিএসআর সেন্টার ও স্কয়ার গ্রুপ এ নীতিমালাটি প্রচারের দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কর্মক্ষেত্রে নারীদের শীর্ষ অবস্থানে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, অংশগ্রহণ ও অংশীদারত্ব এক জিনিস নয়। ‘ট্রিপল পি’ বা পার্টিসিপেশন, পার্টনারশিপ ও পাওয়ার—এই তিনকে সমান গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা উপস্থিত ছিলেন।