নারীদের সমান সুযোগ পাওয়া তাদের অধিকার
রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমাজে নারীকে সমান সুযোগ দিতে হবে। এটা তাদের অধিকার। স্থায়িত্বশীল উন্নয়নের জন্য নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ সিডও সনদ বাস্তবায়ন পর্যালোচনা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সিডও সনদের দুটি ধারা বাংলাদেশের সংরক্ষণ করে রাখার সমালোচনা করে বলেন, রাষ্ট্রের লুকোচুরি খেলা শোভা পায় না। এই সিডও সনদের ন্যায় রাষ্ট্র আরেকটি আইন না করলে তা কাজে আসবে না। নারীর অধিকার রক্ষায় কয়েকটি সুপারিশ করে তিনি বলেন, নারী শিক্ষার দিকে অধিক মনোযোগ দিতে হবে, গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে, রাষ্ট্রকে নারীর পুষ্টির দিকটি নিশ্চিত করতে হবে এবং ন্যায় ও নীতির মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
সভার সভাপতির বক্তব্যে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, সমাজে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো নারীকে সমান সুযোগ দেওয়া। এ সমতাটা নারীর অধিকার। নারী শিক্ষার পাশাপাশি পুরুষ শিক্ষাও বাধ্যতামূলক করতে হবে।
আলোচনা সভায় মহিলা পরিষদের পক্ষ থেকে ২১ দফা প্রস্তাব তুলে ধরেন পরিষদের আন্তর্জাতিক উপপরিষদের সদস্য সিউতী সবুর। ২১ দফার মধ্যে রয়েছে সিডও সনদের ২ এবং ১৬.১ এর গ ধারা থেকে বাংলাদেশ সরকারের সংরক্ষণ প্রত্যাহার করে সনদে পূর্ণ অনুমোদন দেওয়া, সিডও সনদের ধারাগুলো দেশের আইনের অন্তর্ভুক্ত করা, সিডও সনদের যেসব ধারা সরকার অনুমোদন দিয়েছে তার পূর্ণ বাস্তবায়ন করা, মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ বছর বহাল রাখা, রাজনৈতিক দলের সব পর্যায়ের নীতি নির্ধারণে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি করা ও নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা ইত্যাদি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংসদ বেগম ফজিলাতুন্নেসা, ইউএন উইমেনের এদেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার, ইউএনএফপিএর এদেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা ম্যাথাবেল, ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট প্রধান নেহা কাপিল, মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ ও আন্তর্জাতিক উপপরিষদের সম্পাদক রেখা সাহা প্রমুখ।