নারীদের সম্পর্কে শফীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের সম্পর্কে হেফাজতে ইসলামের নেতা আহমদ শফীর ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে গতকাল রোববার দিনাজপুর ও রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন নারী সংগঠন।
বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে দিনাজপুর মহিলা পরিষদ। মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বরে সংগঠনটি সমাবেশ করে। পরিষদের জেলা সভানেত্রী কানিজ রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী আজাদী হাই, যুগ্ম সাধারণ সম্পাদিকা মনোয়ারা সানু, সাধারণ সম্পাদিকা মারুফা বেগম, সাংগঠনিক সম্পাদিকা রুবিনা আক্তার, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, উদীচীর সভাপতি আসাদুল্লাহ্ সরকার প্রমুখ। বক্তারা নারীদের সম্পর্কে আহমদ শফীর বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন এবং তাঁরা এ বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।
এদিকে রংপুর প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন করে প্রতিবাদী নারী সমাজ। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক রেজিনা রাজ্জাক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী, নারী সংগঠক মোশফেকা রাজ্জাক, নাজমা আক্তার, সামসে আরা প্রমুখ।