নারীদের হেল্পলাইন নম্বর এখন ১০৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের শিকার নারী ও শিশুর সহায়তার জন্য জাতীয় হেল্পলাইন সেন্টারের নম্বর ১০৯২১ পরিবর্তন করে ১০৯ করা হয়েছে। যেকোনো মোবাইল ও অন্যান্য ফোন থেকে সরাসরি বিনা মূল্যে ১০৯ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সহায়তা নেওয়া যাবে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা/ বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ শিরোনামে মানববন্ধন হয়েছে। সেখানে এই তথ্য জানানো হয়। মহিলাবিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এই মানববন্ধনের আয়োজন করে। একই সময়ে সারা দেশে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল। তৃণমূল থেকে দেশের সর্বোচ্চ পর্যায়ে নারীরা দাপটের সঙ্গে কাজ করছেন। অনেক ক্ষেত্রে তাঁরা পুরুষের থেকে এগিয়ে। তবু নারীর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। তাঁরা অ্যাসিড-সন্ত্রাস, ধর্ষণের শিকার হচ্ছেন।

মানববন্ধনে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক মুক্তি ও শিক্ষা। নারীরা এই তিন ক্ষেত্রেই ভালো করছেন। নারীদের অবদানের জন্যই দেশের জিডিপি বাড়ছে। উন্নয়নকে নারীকে আরও এগিয়ে নিতে, নারীর প্রতি বৈষম্য দূর করতে পুরুষকেও কাজ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ হচ্ছে। নারীরা ঘরে-বাইরে সমানভাবে কাজ করছেন। নারীর উন্নয়নকে আরও পোক্ত করতে অনগ্রসর নারীদেরও মূলধারায় সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সংবিধানে নারী-পুরুষের যে সমতার কথা বলা হয়েছে, তা বাস্তবায়নেও কাজ করতে হবে।

মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শ্রমবাজারে প্রবেশগম্যতা বৃদ্ধিসহ নারীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষি, বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে।

মানববন্ধনে অংশ নিতে রাজধানীর দয়াগঞ্জ থেকে এসেছেন আয়শা আক্তার। সপ্তম শ্রেণির এই ছাত্রী চায় স্কুলে যাতায়াতের সময় যেন বখাটেরা তাকে উত্ত্যক্ত না করে। হাজারীবাগ থেকে এসেছে আরেক কিশোরী শিরিন আক্তার। দারিদ্র্যের কারণে তৃতীয় শ্রেণিতেই তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তারাও অংশ নেয় মানববন্ধনে।