
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, চার বছর ধরে দেশে তালাকপ্রাপ্ত, বিধবা বা বিচ্ছিন্ন নারীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ১০ শতাংশ এই শ্রেণিভুক্ত। অথচ পরিসংখ্যান বলছে, দেশে নারী শিক্ষা বৃদ্ধির হার পুরুষের চেয়ে বেশি।
‘বাংলাদেশ স্যাম্পেল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৬’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৩ শতাংশ মানুষের আলোর উৎস কেরোসিনের বাতি।
গতকাল সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকেন্দ্রে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রতিবেদনে জন্ম, মৃত্যু, বিবাহ, শিক্ষা, জনসংখ্যা, স্থানান্তর, বিদ্যুতের ব্যবহারসহ বেশ কিছু বিষয়ে সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ১৭ লাখ। মানুষের গড় আয়ু একাত্তর বছরের বেশি।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ স্যাম্পেল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৬ প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক বলেন, পরিসংখ্যান ব্যুরো ১৯৮০ সাল থেকে এ ধরনের পরিসংখ্যান নিয়ে কাজ করছে। দুটি আদমশুমারির মাঝে হালনাগাদ তথ্য ও পরিসংখ্যানের জন্য এই জরিপ করা হয়। ২০১৬ সালে দেশের ২ হাজার ২২টি নমুনা এলাকার ২ লাখ ২০ হাজার ৮৭২টি পরিবারের তথ্য এতে ব্যবহার করা হয়েছে।
বিধবা ও স্বামী পরিত্যক্ত নারী বাড়ছে
দেশে ২০১৩ সাল থেকে বিধবা, স্বামী পরিত্যক্ত বা বিচ্ছিন্ন নারীর সংখ্যা বাড়ছে। ওই বছর বিধবা, স্বামী পরিত্যক্ত বা বিচ্ছিন্ন নারী ছিল সাড়ে ৮ শতাংশ। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ৯.১ শতাংশে। তার পরের বছর অর্থাৎ ২০১৫ সালে তা হয় ৯.৮ শতাংশ। আর সর্বশেষ পরিসংখ্যান বলছে, দেশে এখন ১০ শতাংশ নারী বিধবা, তালাকপ্রাপ্ত অথবা বিচ্ছিন্ন। এর মধ্যে বিধবা ৮.৭ শতাংশ এবং তালাকপ্রাপ্ত বা বিচ্ছিন্ন হচ্ছে ১.৩ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম প্রথম আলোকে বলেন, সংস্কৃতগত কারণে বিচ্ছেদটা বাড়ছে। নারী সচেতন হচ্ছেন, স্বাবলম্বী হচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন। স্বামীর কাছ থেকে দূরে থাকার বা বিচ্ছিন্ন হওয়ার এটা একটা কারণ। তবে কোন কোন শ্রেণিতে নারী বেশি পরিত্যক্ত হচ্ছেন তা তলিয়ে দেখা দরকার।
বিবিএস বলছে, ‘বাংলাদেশের মহিলারা এখনো উচ্চমাত্রায় পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। বর্তমানে ৮৭.২ শতাংশ পরিবারের প্রধান পুরুষ।’
দেশের জনসংখ্যার বৈবাহিক অবস্থার একটি চিত্র এই প্রতিবেদনে আছে। তাতে দেখা যায়, ১৫ বছর বা তার বেশি বয়সী ৫৯ শতাংশ পুরুষ বিবাহিত। নারীর ক্ষেত্রে এই হার ৬৩ শতাংশ। একই বয়সী অবিবাহিত পুরুষের হার ৩৯ শতাংশ। নারীর ক্ষেত্রে তা ২৭ শতাংশ। দেশে বিবাহের গড় বয়স পুরুষের ক্ষেত্রে ২৬.৩ বছর এবং নারীর ১৮.৮ বছর। প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে বিবাহের ক্ষেত্রে পুরুষের গড় বয়স বেড়েছে, যা নারীর ক্ষেত্রে প্রায় স্থির আছে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্রের ইমেরিটাস সায়েন্টিস্ট আবদুর রাজ্জাক বলেন, এই জরিপে জনমিতির পরিবর্তন ধরা পড়েছে। এতে দেখা যাচ্ছে, মৃত্যুহার কমছে, মোট প্রজনন হারও কমছে। আবার বয়স্ক মানুষের হার বাড়ছে। তিনি বলেন, ‘দেশে প্রজননক্ষম জনগোষ্ঠীর আকার অনেক বড়। তাই আগামী ৫০ থেকে ৬০ বছর জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকবে।’
শিক্ষিতের হার বেড়েছে
প্রতিবেদন বলছে, দেশে বয়স্ক শিক্ষার হার অর্থাৎ ১৫ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে শিক্ষার হার বেড়েছে। ২০১১ সালে দেশে ৫৫.৮ শতাংশ মানুষ শিক্ষিত ছিল। বর্তমানে ৭২.৩ শতাংশ। জরিপের ফলাফলে দেখা গেছে, বয়স্ক পুরুষের চেয়ে বয়স্ক নারীর মধ্যে শিক্ষিতের হার বেশি।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, ‘বিবিএস কোন সংজ্ঞার ভিত্তিতে শিক্ষিতের হার ধরেছে, সেটা আমরা জানি না। এখানে তাদের সংজ্ঞা অনুযায়ী এটা হতেই পারে। কিন্তু এখানে আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী হার দেখা হয়েছে কি না, প্রায়োগিক দক্ষতা দেখা হয়েছে কি না তা বিচার্য।’
প্রতিবেদন বলছে, ৭ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার ৭১ শতাংশ শিক্ষিত। ২০১২ সালে এটা ছিল ৫৬.৩ শতাংশ এবং ২০১৪ সালে বেড়ে দাঁড়ায় ৫৮.৬ শতাংশ।
প্রতিবেদন নিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক মো. আমির হোসেন। তিনি বলেন, প্রতিবেদনে সব ক্ষেত্রে শতাংশ ব্যবহার করা হয়েছে। কিছু ক্ষেত্রে পূর্ণসংখ্যা ব্যবহার করলে তা পাঠকের জন্য সুবিধা হতো। শতাংশ অনেক ক্ষেত্রে পাঠকের কাছে কোনো অর্থ বহন করে না।
আলোর উৎস
দেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগ ও ব্যবহার বেড়েছে। অন্যদিকে আলোর উৎস হিসেবে কেরোসিনের ব্যবহার দ্রুত কমছে। ২০১২ সালে ৬৫.৬ শতাংশ মানুষের আলোর উৎস ছিল বিদ্যুৎ। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৭.৮ শতাংশে। আর বর্তমানে ৮১.২ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করছে।
বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির বিপরীতে কেরোসিনের ব্যবহার কমছে। ২০১২ সালে ৩৩.১ শতাংশ মানুষ আলোর উৎসের জন্য কেরোসিন ব্যবহার করত। ২০১৪ সালে তা কমে ৩১.৪ শতাংশে দাঁড়ায়। আর বর্তমানে মাত্র ১৩ শতাংশ মানুষ কেরোসিন ব্যবহার করছে। প্রতিবেদন বলছে, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করছে। বর্তমানে ৫.৬ শতাংশ মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করে।
খানার বৈশিষ্ট্য
প্রতিবেদনে দেখা যাচ্ছে, পরিবারের আকার ছোট হচ্ছে। ২০১২ সালে খানার গড় সদস্য ছিল ৪.৫ জন। ২০১৫ সালে এসে দেখা যাচ্ছে তা কমে ৪.৩ হয়েছে। জনসংখ্যায় নির্ভরতার অনুপাত কমছে। ২০০২ সালে নির্ভরতার অনুপাত ছিল ৮০, বর্তমানে তা ৫৪। প্রতিবেদনে বলা হচ্ছে, গত পাঁচ বছরে পরিস্থিতি স্থিতিশীল আছে।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (পরিসংখ্যান ও ইনফরমেটিকস বিভাগ) কে এম মোজ্জামেল হক বলেন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও প্রকল্প মূল্যায়নে খুব সঠিক তথ্য ও পরিসংখ্যান খুবই জরুরি। প্রায় নয় লাখ মানুষের কাছ থেকে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি হয়েছে। এই তথ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।