নারীনীতি বাতিলের দাবি তিন ইসলামি সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নারীনীতি বাতিলের দাবি জানিয়েছে সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী আইন সংরক্ষণ কমিটি। গতকাল বৃহস্পতিবার পৃথক কর্মসূচি পালন করে সংগঠনের নেতারা এই দাবি জানান। ঐক্য পরিষদ: প্রস্তাবিত নারীনীতি, শিক্ষানীতি ও ফতোয়াবিরোধী হাইকোর্টের রায় বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঐক্য পরিষদ। পরিষদের নেতারা ৪ এপ্রিলের হরতালে গ্রেপ্তার করা ব্যক্তিদের ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি এবং চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ সুফির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। ঐক্য পরিষদের সদস্যসচিব আশরাফ আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ৭২ ঘণ্টার মধ্যে যদি হরতালের আগে-পরে আটক করা বন্দীদের নিঃশর্ত মুক্তি ও আহমদ সুফির মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে স্বেচ্ছায় কারাবরণ, দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ এবং ২৭ এপ্রিল মহাসমাবেশ করা হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ: একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ ও সমাবেশ করেছে।সমাবেশের প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ইউনুস আহমেদ বলেন, ‘আমাদের আমির চরমোনাইয়ের পীর কারও মতো অর্থের লোভে কিংবা এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন না। তাঁকে ঠান্ডা রাখতে হলে ইসলামবিরোধী কোনো আইন এই দেশে করা চলবে না। নারীনীতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’সংগঠনের ঢাকা মহানগরের আমির এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, ‘আমরা নারীনীতির বিরুদ্ধে নই, কিন্তু কোরআন শরিফের সঙ্গে সাংঘর্ষিক যেসব ধারা আছে, সেগুলো বাতিল করতে হবে। দোয়া করি, সময় থাকতে এই সরকারের শুভবুদ্ধির উদয় হোক।’সংরক্ষণ কমিটি: প্রস্তাবিত নারীনীতিকে পবিত্র কোরআনবিরোধী দাবি করে তার বাতিল চেয়েছেন ইসলামী আইন সংরক্ষণ কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম। গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।